সরকারকে টেনে নামাবে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতা ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাই এ সরকারকে বিদায় করতে হবে। আর বিদায় হবে কীভাবে সেই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে। নইলে জনগণ ক্ষমতা থেকে সরকারকে টেনে নামাবে। ৩২ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বিএনপির মহানগরের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সভা পরিচালনা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সহসভাপতি সামশুল আলম ও মাহবুবুর রহমান। সমাবেশে আমীর খসরু বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নিতে পারে। ক্ষমতা হস্তান্তরের এটাই শান্তিপূর্ণ পথ। নইলে আন্দোলন তীব্র করে সরকারের পতন ঘটানো হবে। তখন জনগণের রোষানল থেকে সরকারকে রক্ষা করা যাবে না। চট্টগ্রামে জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে ১৮-দলীয় জোটের হরতাল চার ঘণ্টা কমানো হয়। এ কারণে গতকাল সন্ধ্যা ছয়টার পরিবর্তে বেলা দুইটায় হরতাল শেষ হয়েছে। এর আগে আমীর খসরুর নেতৃত্বে গতকাল সকালে একটি মিছিল নগরের কাজীর দেউড়ী, লাভলেইন, জুবিলি রোড, তিন পোলের মাথা, এনায়েত বাজার, বিআরটিসি মোড় ও স্টেশন রোড এলাকা অতিক্রম করে। পরে নাসিমন ভবনের সামনে নুর আহম্মদ চৌধুরী সড়কে ১৮-দলীয় জোটের উদ্যোগে সভা হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, সরকার আন্দোলন দমাতে আর একদলীয় নির্বাচন করতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করেছে। সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের বেশির ভাগ নেতার কেবল ভরাডুবিই নয়, জামানতও বাজেয়াপ্ত হবে। তাই ছলেবলে-কৌশলে জুলুম-নির্যাতন করে এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।