জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট সরকারের সামনে যেমন বেশ কিছু বড় বিপদ ও সমস্যা আছে, তেমনিই তাদের কাঁধে দায়িত্বও আছে। সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে টেন্ডারবাজ-দখলবাজ-দুর্নীতিবাজদের ঝেড়ে ফেলতে হবে। গতকাল রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে হাসানুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের অগ্নি পরীক্ষায় পাস করতে হলে মহাজোট সরকারকে পুনরুজ্জীবিত সংবিধান বাস্তবায়ন করতে হবে। সে জন্য মহাজোটের কোনো বিকল্প নেই।যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় নাগরিক সম্মেলন ডাকার আহ্বান জানান জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তেই জাসদ মহাজোটে আছে। বাজার নিয়ন্ত্রণে এবং জনগণের দুর্দশা লাঘবে সরকারের যেকোনো পদক্ষেপকে জাসদ সমর্থন জানাবে। হাসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, শিরীন আখতার, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ প্রমুখ। সমাবেশ শেষে দলের একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন মোড়সহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিও গতকাল বিকেলে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে রাজধানীর রাজমণি ঈসা খাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাসদের সভাপতি আ স ম রব বলেছেন, বর্তমান শাসনব্যবস্থায় সরকার দিন দিন অকার্যকর হয়ে পড়ছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বেড়ে যাচ্ছে। অথচ সরকার এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে।সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক, আবুল কাশেম ফজলুল হক, জাফরুল্লাহ চৌধুরী, নাজমুল আহসান কলিমুল্লাহ এবং অতিথি বক্তা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী প্রমুখ।