সরকারকে তথ্য দিল ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তথ্য নিয়ে ২৮ এপ্রিল ফেসবুক প্রকাশিত ‘গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’-এ বলা হয়, ওই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ৩১টি অ্যাকাউন্টের ব্যাপারে ১২টি অনুরোধ করা হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুরোধে সাড়া দিয়ে চারটি কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে।
ফেসবুক প্রতি ছয় মাস অন্তর এ প্রতিবেদন প্রকাশ করে। এতে কোন দেশের সরকার ফেসবুকের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরা হয়। তবে কোন অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয় না।

এর আগে ২০১৫ সালের ১২ নভেম্বর ফেসবুক প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ওই বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ফেসবুকের কাছে তিনবারে তিনটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। তবে সরকারের ওই অনুরোধে ফেসবুক সাড়া দেয়নি। এরও আগে সরকারের পক্ষ থেকে ২০১৪ সালের শেষ ছয় মাসে পাঁচটি অনুরোধের মাধ্যমে পাঁচজনের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছিল। এ ছাড়া ওই বছরের প্রথম ছয় মাসে সাতটি অনুরোধের মাধ্যমে সরকার ১৭টি অ্যাকাউন্টের তথ্য জানতে চায়। ২০১৩ সালের আগস্টে ১২ জনের তথ্য চায় বাংলাদেশ সরকার। ফেসবুক কারও তথ্যই দেয়নি।

তবে ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে তিনটি কনটেন্ট দেখার সুযোগ বন্ধ রাখার অনুরোধে সাড়া দিয়েছিল ফেসবুক।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের শেষ ছয় মাসে বিভিন্ন সরকারের পক্ষ থেকে ফেসবুকের কাছে তথ্য চাওয়ার হার ১৩ শতাংশ বেড়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।

২০১৪ সালের তুলনায় ২০১৫ সালের প্রথম ছয় মাসে সরকারের কাছ থেকে তথ্য চাওয়ার হার ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছিল। ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে ৩৫ হাজার ৫১টি অনুরোধ পেলেও ২০১৫ সালের শুরুতে তা বেড়ে ৪১ হাজার ২১৪টিতে পৌঁছায়। এবার তা বেড়ে ৪৬ হাজার ৭৬৩টিতে পৌঁছেছে। বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৬৫ কোটি। অর্থাৎ, বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন ফেসবুক ব্যবহার করছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অনুরোধ এসেছে, এর ৬০ শতাংশই ব্যবহারকারীকে না জানানোর অনুরোধ ছিল।

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় ২০১০ সালের মাঝামাঝি এবং জঙ্গি ও সন্ত্রাসবাদী কার্যক্রমের আশঙ্কায় ২০১৫ সালের শেষ দিকে দুই দফায় ফেসবুক সাময়িক বন্ধ রাখে সরকার। এ বছরের জানুয়ারিতে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।