সবার আওয়ামী লীগ করার দরকার নেই। সরকারি কর্মকাণ্ডের প্রকৃত সমালোচনাকে আওয়ামী লীগ স্বাগত জানাবে। তবে কেউ তীব্র কটাক্ষ করলে বদলি করে দেওয়ার মতো ‘সাধারণ’ কিছু ঘটনা ঘটতে পারে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গতকাল শনিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্নিয়া সংগ্রহকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি সরকারি কাজের সমালোচনার পাশাপাশি কিছু প্রশংসা করারও আহ্বান জানান।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে যাঁরা আওয়ামী লীগের সমর্থিত অংশের প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন, তাঁরাও এখন আওয়ামী লীগের বিরাট নেতা বনে গেছেন। তিনি চিকিৎসকদের তাঁদের আদর্শ থেকে সরে না আসার অনুরোধ জানান।বিরুদ্ধবাদীদের গঠনমূলক সমালোচনা সরকারের উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। তবে তিনি এও বলেন, সরকার যেহেতু কোনো যন্ত্র নয়, তাই বেশি সমালোচনা করলে নীতিনির্ধারকদের রাগ হতেই পারে। আর তাতে করে সমালোচনাকারীকে বদলি করে দেওয়া হতে পারে। কর্নিয়া সংগ্রহকেন্দ্রের উদ্বোধন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গতকাল সন্ধানী চক্ষুদান সমিতির কর্নিয়া সংগ্রহকেন্দ্রের উদ্বোধন করা হয়। আলোচকেরা বলেন, একটু উদ্যোগী হলেই মানুষ মারা গেলেও তার চোখ দুটিকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে সন্ধানী পরিচালিত নতুন সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।