নির্দলীয় সরকার না মানলে বর্তমান সরকারকে ‘দুঃখজনক’ভাবেই বিদায় নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।মির্জা ফখরুল বলেন, ‘এখন শুধু দেশেই নয়, বিদেশেও দাবি উঠেছে, বাংলাদেশে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হলে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দাবি না মানলে দুঃখজনকভাবেই সরকারের বিদায় নিতে হবে।’৭ নভেম্বর উপলক্ষে জনসভাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ সকাল ১০টায় দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবেন।সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।আওয়ামী লীগ গণরোষের শিকার হবে: সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতারা গণরোষের শিকার হবেন। সেদিন সারা দেশে হরতাল থাকবে। নির্বাচনের তারিখ দিলেও তারা নির্বাচন করতে পারবে না। সম্মিলিত গণতান্ত্রিক জোট নামের একটি সংগঠন ৭ নভেম্বরের চেতনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।