সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সরকারকে আরও দৃঢ় ও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নেওয়া অন্যান্য পদক্ষেপকে বৈঠকে সমর্থন জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই বৈঠক হয়। আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সংসদ গঠিত হওয়ার পর গতকাল প্রথমবারের মতো সভাপতিমণ্ডলীর বৈঠক হয়। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, হেফাজতে ইসলামের কার্যক্রম, রাষ্ট্রপতি নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয়। তবে আলোচনায় বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ার আভাস পাওয়া গেছে।বৈঠকে আলোচনা হয়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকার কোনো সংঘাতে যাবে না। বিরোধী দল হেফাজতে ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল। কিন্তু সরকার এ সুযোগ দেবে না। এ ব্যাপারে সরকার সতর্ক থাকবে।