সরকারকে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যায়বিচার অভিহিত করে সরকারকে অবশ্যই দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই দৈনিক গতকাল মঙ্গলবার এক সম্পাদকীয়তে এ আহ্বান জানায়। ২০১২ সালের শেষ নাগাদ তাজরীন ফ্যাশনসের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। ওই কারখানার দুই মালিক গত রোববার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিচারের মুখোমুখি করা হতে পারে।
বাংলাদেশে ন্যায়বিচারের বিষয়টি প্রায়ই বিলম্বিত ও প্রত্যাখ্যাত হয়ে থাকে। শ্রমিকদের জন্য, বিশেষ করে যাঁরা দেশটির শক্তিশালী পোশাকশিল্পে নিয়োজিত, তাঁদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টি ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন এবং উৎপাদিত শত শত কোটি মার্কিন ডলারের পোশাক বিক্রি হয় ওয়ালমার্ট, জিএপি ও এইচ-অ্যান্ডএমের মতো বড় বড় পশ্চিমা খুচরা বিক্রেতার কাছে। তবে এ শিল্পের শ্রমিকদের নিরাপত্তাহীনতার ভয়ানক নজির রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি কারখানায় আগুন লেগে শত শত পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলেন, তাজরীন ফ্যাশনসের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার (প্রতিষ্ঠানটির পরিচালক) সম্ভবত হতে যাচ্ছেন দেশটির প্রথম নির্বাহী, যাঁদের কারখানায় অগ্নি-কাণ্ডের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রানা প্লাজা ধসে গত বছরের এপ্রিলে অন্তত এক হাজার ১০০-এর বেশি নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিচারও এ বছরের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে, বাংলাদেশের পুলিশ বলেছিল, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করার জন্য পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে। কিন্তু মানবাধিকারকর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি আদালত ওই ঘটনার আরও বিস্তারিত তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, কারখানাটির ব্যবস্থাপকেরা দরজা বন্ধ করে শ্রমিকদের বেরিয়ে যেতে বাধা দিয়েছিলেন এবং কারখানাটির অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার না করতে মনস্থির করেছিলেন। চুরি বন্ধ করার নামে কারখানার মালিকেরা এ ধরনের প্রতিবন্ধকতা স্থাপন করে থাকেন। দেলোয়ার হোসেন অবশ্য ওই অগ্নিকাণ্ডের ঘটনার দায় অস্বীকার ও নিজেকে নির্দোষ দাবি করেন।
দেলোয়ার হোসেন ও মাহমুদা আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি দেশটিতে ন্যায়বিচারের অগ্রগতিরই ইঙ্গিত দিচ্ছে।