সরকারকে নতুন উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ জরিপের ভিত্তিতে সরকার বলছে, আনুমানিক সাড়ে তিন কোটি মানুষ মাত্রাতিরিক্ত আর্সেনিক ঝুঁকির মধ্যে আছে। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট বলছে, এই সংখ্যা সাড়ে তিন থেকে সাত কোটি ৭০ লাখের মধ্যে। আর্সেনিকোসিস রোগে আক্রান্ত শনাক্তকারী ব্যক্তির সংখ্যা ৩৮ হাজার ৩২০। সংশ্লিষ্ট মহল মনে করে, এই সংখ্যা আরও অনেক বেশি। আর্সেনিক-কবলিত এলাকায় নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নিলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেপের সর্বশেষ জরিপ বলছে, দেশের ১২ দশমিক ৬ শতাংশ পরিবার এখনো আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে। অন্যদিকে গবেষকেরা খাদ্যসামগ্রীর মধ্যে আর্সেনিকের উপস্থিতি চিহ্নিত করেছেন, যা স্বাস্থ্যঝুঁকিতে নতুন মাত্রা যোগ করেছে। অভিযোগ রয়েছে, সমস্যার ব্যাপকতার তুলনায় আর্সেনিক সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ অপ্রতুল। দাতারাও এ সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশিষ্ট পানিবিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, আর্সেনিকের সমস্যা আগে যা ছিল, এখনো তা-ই আছে। বরং বিজ্ঞানীরা বলছেন, কৃষি খাতেও আর্সেনিক বিষক্রিয়ার সমস্যা চিহ্নিত হয়েছে। তিনি বলেন, সরকারি উদ্যোগে জাতীয়ভাবে এ সমস্যা মোকাবিলা করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান ওয়াটার এইড-বাংলাদেশের এ দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন, ‘আর্সেনিকের ঝুঁকির বিষয়ে প্রচার-প্রচারণা একেবারেই কমে গেছে। মানুষকে তথ্য দেওয়ার ও সচেতন করার কোনো কার্যক্রম মাঠপর্যায়ে নেই।’ তিনি বলেন, বিকল্প পানির ব্যবস্থা না থাকায় মানুষ আর্সেনিকযুক্ত পানি পানে বাধ্য হচ্ছে। অথচ আর্সেনিকের ব্যাপারে গঠিত দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ গত তিন বছরে একটি সভাও করেনি। সমস্যার ব্যাপকতা: ২২ মার্চ বিশ্ব পানি দিবসে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ প্রকাশিত আর্সেনিক-বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে। ৫৪টি জেলার নলকূপের পানি পরীক্ষার তথ্য তাতে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ৪৭টি জেলার ২৩৩টি উপজেলার দুই হাজার ইউনিয়নের ৩১ হাজার ৪৯৭টি গ্রাম আর্সেনিক-দূষণের শিকার। বাংলাদেশের মান অনুযায়ী যেসব এলাকার ৫ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক আছে, সেসব এলাকাকে আর্সেনিক-দূষণের শিকার বলা হচ্ছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী এক লিটার পানিতে ১০ মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে তা দূষিত। আর বাংলাদেশের মান অনুযায়ী এক লিটার পানিতে ৫০ মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে সেই পানিকে নিরাপদ বলা হয় না।সমস্যার ব্যাপকতার তুলনায় মানুষকে নিরাপদ পানি সরবরাহ করার উদ্যোগ সামান্য। সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সুধীর কুমার ঘোষ বলেন, নিরাপদ পানি সরবরাহের জন্য সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে ‘গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প পঞ্চম পর্যায়’। সরকারের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি গত জুনেই (২০১০) শেষ হয়। ইউনিসেফের সঙ্গে সরকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ পানি সরবরাহ প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।খায়রুল ইসলাম বলেন, এসব উদ্যোগ প্রয়োজনের তুলনায় কম। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফ জুন মাসে যে ‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে ২০০৯’ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের মান অনুযায়ী ১৪ দশমিক ৫ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ২৪ দশমিক ৮ শতাংশ মানুষ অনিরাপদ পানি ব্যবহার করছে।১৯৯৩ সালে প্রথম উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের বড়ঘরিয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিকের উপস্থিতি আবিষ্কৃত হয়। এরপর সরকারি ও বেসরকারি পর্যায়ে আর্সেনিক সমস্যা মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে ২০০১ সালে ৬১ জেলার নলকূপের পানি পরীক্ষা করে। ওই জরিপে দেখা যায়, ৪২ শতাংশ নলকূপের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে এবং ২৫ শতাংশ নলকূপের পানিতে বাংলাদেশের মানের চেয়ে বেশি মাত্রায় আর্সেনিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের আর্সেনিকের ব্যাপকতাকে গণবিষের শিকারে পরিণত হওয়া ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হিসেবে বর্ণনা করে।আর্সেনিকের ব্যাপকতা ও ভয়াবহতা জানাজানির পর সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। প্রথম আলোর এক অনুসন্ধানে দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরেও সরকারি ও বেসরকারি পর্যায়ে ১৭টি প্রকল্প বাস্তবায়নাধীন ছিল। সরকারের বিভিন্ন সংস্থা সে সময় প্রায় দেড় হাজার কোটি টাকার ১০টি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। বিশ্বব্যাংক, ইউনিসেফ, কানাডিয়ান সিডা, জাইকা, ইউএসএআইডি, ড্যানিডা ও জাপান সরকারের আর্থিক সহায়তায় এসব প্রকল্প চলছিল। এ ছাড়া দাতাদের সহায়তায় বিভিন্ন এনজিও বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছিল।মূলত সরকারের উদ্যোগহীনতার কারণে আর্সেনিকের বিষয়টি চাপা পড়ে গেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। খায়রুল ইসলাম বলেন, মানুষকে তথ্য দেওয়ার কাজটি সরকারের। কিন্তু মানুষকে সচেতন করার বা তথ্য দেওয়ার কোনো ব্যবস্থা সরকারের নেই। গ্রামের একজন মানুষ নিজের নলকূপের পানি পরীক্ষার জন্য কোথায় যাবে, তা সরকারকে বলতে হবে। তিনি আরও বলেন, একসময় নিরাপদ ও বিপজ্জনক নলকূপ যথাক্রমে সবুজ ও লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছিল। সে রং অনেক আগেই উঠে গেছে। এখন মানুষ জেনে ও না-জেনে আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছে।আইনুন নিশাত বলেন, বিকল্প খাওয়ার পানি সরবরাহের নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। লাখ লাখ টাকা খরচ করে নানা প্রযুক্তি সরবরাহের চেষ্টা হয়েছিল। তিনি বলেন, অনেক ক্ষেত্রে এসব উদ্যোগ বা প্রযুক্তি মানুষের উপকারে আসেনি। মানুষ এখনো নিরাপদ পানি পাচ্ছে না। তিনি আরও বলেন, সরকারের উচিত সবকিছু মূল্যায়নের ভিত্তিতে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা। সরকারের সঙ্গে সঙ্গে এনজিওগুলোর কাজও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট মহল বলছে, এনজিওগুলোর কাজ ছিল মূলত নিরাপদ পানি সরবরাহের মডেল তৈরি এবং গবেষণা করা। এনজিওর কাজের একটি সীমাবদ্ধতা হচ্ছে, প্রকল্পের মেয়াদ শেষ হলে বা দাতাদের অর্থ শেষ হলে তারা কাজ করে না।করণীয়: আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে বলেছিল, আর্সেনিক সমস্যা মোকাবিলা এবং ২০১১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানীয় জল সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে যাবে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র বলছে, সরকারের সবচেয়ে বড় প্রকল্প জুন মাসেই শেষ হয়ে গেছে। এরপর একটি বিশেষ পানি সরবরাহ প্রকল্প তারা শুরু করবে। সেই প্রকল্প কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে অধিদপ্তরের নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রকল্পের কাগজপত্র সব তৈরি। এখন তা জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটির সভায় পাস হওয়ার অপেক্ষায় আছে।খায়রুল ইসলাম বলেন, সরকারকে মোটাদাগে তিনটি কাজ করতে হবে। দেশের মানুষকে আর্সেনিকের তথ্য জানানোর জন্য জোর প্রচার-প্রচারণা চালাতে হবে। বিকল্প নিরাপদ পানির উৎস সরবরাহের পাশাপাশি উপজেলা পর্যায়ে পানি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার পর্যাপ্ত আয়োজন করতে হবে।আইনুন নিশাত বলেন, দাতাদের স্বার্থ নেই বলে আর্সেনিকের বিষয়ে তাদের আগ্রহ কমে গেছে। কিন্তু সমস্যাটি এ দেশের মানুষের। তিনি বলেন, আর্সেনিকের সমস্যা মোকাবিলায় সরকারকেই বড় উদ্যোগ নিতে হবে।