সরকারকে বাধাগ্রস্ত করতেই জঙ্গিবাদের উত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। ছবি: আবদুস সালাম
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। ছবি: আবদুস সালাম

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। হাতের রগ, পায়ের রগ কাটার মাধ্যমে জঙ্গিবাদের আবির্ভাব হয়েছিল। এ দেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেব না।’

আজ মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সময়ে মাদক এবং নারী নির্যাতন বন্ধসহ অন্যান্য বিষয়ে জেলা পুলিশের সাফল্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশর মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। যে দেশের মানুষ ভাষার জন্য, দেশের জন্য প্রাণ দিতে পারে, সে দেশে কখনো জঙ্গি থাকতে পারে না। কোনো ধর্মেই মানুষ হত্যার কোনো স্থান নেই। তিনি বলেন, ‘যখন সারা বিশ্বেও মানুষ আতঙ্কে, তখন আমরা বলতে পারি, ভালো আছি। একটি বিদেশি সংস্থার জরিপে নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশ ৩৫ তম স্থানে রয়েছে। আমাদের জনগণ আফগান ও পাকিস্তানের মতো নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’ ১০ বছর আগের পুলিশ, আর শেখ হাসিনা সরকারের বর্তমান পুলিশ এক নয়। দেশের সব পুলিশ কর্মকর্তাকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তাবাহিনী জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না।’ তিনি বলেন, ‘অনেক বাবা-মা জঙ্গি সন্তানের লাশ নিতে আসেননি। আমরা লাশ দাফনের ব্যবস্থা করেছি। জঙ্গিবাদের বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। এ দেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেব না।’

পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন নেছা, বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামছুল হক, পৌর মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারB সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। এ সময় তিনি বিগত আড়াই বছরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদক, নারী নির্যাতন এবং ডাকাতি বন্ধসহ বিভিন্ন বিষয়ে জেলা পুলিশের সাফল্য তুলে ধরেন। পুলিশের মূল দায়িত্বের বাইরে নানা সামাজিক কর্মকাণ্ডে পুলিশের অংশ গ্রহণ সম্পর্কে একটি ভিডিওচিত্র তুলে ধরা হয়। জেলা শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পৌর মিলনায়তনে সরিয়ে নেওয়া হয়। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।