আওয়ামী লীগের নেতারা সরকারবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তাঁরা বলেছেন, সরকারকে বিব্রত ও দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণের শক্তিতে বলীয়ান আওয়ামী লীগ কোনো অপশক্তির আন্দোলন বা মহাসমাবেশের হুমকিতে ভীত নয়।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।সভাপতির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কারণেই আওয়ামী লীগ বহুবিভক্তির হাত থেকে রক্ষা পায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন জীবন বাজি রেখে তা পালন করব।’ জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে অনেকেই অনেক কিছু হতে পারতেন না। আর শেখ হাসিনা দেশে না ফিরলে গণতন্ত্রের পক্ষের শক্তির উত্থান ঘটত না। মাহবুবুল আলম হানিফ বলেন, সরকারের উন্নয়মূলক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, শেখ হারুন-অর-রশিদ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম প্রমুখ। স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত: আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে গতকাল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকাল সাড়ে সাতটায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকাল আটটায় শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়। বাদ মাগরিব প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মিলাদ মাহফিল হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মিলাদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ অন্য নেতা-কর্মীরা অংশ নেন। শেখ হাসিনা বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে রয়েছেন।এ ছাড়া সারা দেশেই আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রমনা পার্কের সামনে সমাবেশ ও শোভাযাত্রা বের করে। প্রসঙ্গত, শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হলেও দেশের বাইরে থাকায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশের বাইরে অবস্থানকালে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন।সংশোধনী: গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ’ শীর্ষক খবরে ভুলবশত দিবসের প্রেক্ষাপট ও তারিখ ভুল ছাপা হয়েছে। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরেন এবং এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ৭ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর দেশে ফেরার পুরোনো খবরটি ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বার্তা সম্পাদক