সরকারকে বিব্রত করতে ঘটনা সাজান ফরহাদ: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শহীদুল হক
এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তাঁদের মনে হয়েছে যে ফরহাদ মজহার নিজেই খুলনায় গিয়েছিলেন, অপহরণের কোনো ঘটনা ঘটেনি। সরকারকে বিব্রত ও টাকা জোগাড় করতেই তিনি অপহরণের নাটক সাজান। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

তবে ফরহাদ মজহার কী উপায়ে রাজধানীর শ্যামলীর বাসা থেকে খুলনায় পৌঁছেছেন এবং কেন সেখানে গেলেন, সে সম্পর্কে আইজিপি কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেছেন, পুলিশের তদন্তকে ফরহাদ মজহার চ্যালেঞ্জ করলে পুলিশ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাববে।

আইজিপির সংবাদ সম্মেলনের পর এই প্রতিবেদক ফরহাদ মজহারের বাসায় গেলে তিনি কোনো কথা বলতে চাননি। তাঁর স্ত্রী ফরিদা আখতার অপহরণ ঘটনার তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আমি আশা করেছিলাম, অপহরণ-সম্পর্কিত তদন্তের কিছু তথ্য পাব। বলা হচ্ছে অপহরণ হয়নি।’

গত বুধবার যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ফরহাদ মজহার বলেছেন, তিনি দেশজুড়ে চলা অপহরণের শেষ শিকার। তবে তিনি চুপ করে থাকবেন না।

এর আগে ৪ জুলাই আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ফরহাদ মজহার উল্লেখ করেছিলেন, ‘যারা বর্তমান সরকারকে পছন্দ করে না, দেশের মধ্যে ও বিশ্বদরবারে বিব্রত করানোর জন্য তারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল।’

আইজিপির সংবাদ সম্মেলন

পুলিশ শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আইজিপি। তাঁর বক্তব্যের সমর্থনে ৩ জুলাই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনায় ফরহাদ মজহারের থাকার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়। একটি ফুটেজে তাঁকে খুলনার নিউমার্কেটে ঘোরাফেরা করতে দেখা যায়, আরেকটি ফুটেজে তাঁকে নিউমার্কেটের পাশের আরেকটি মার্কেটে ঘুরতে দেখা যায়।

পুলিশপ্রধান বলেন, ওই দিন ফরহাদ মজহার ১০ বার স্ত্রী ফরিদা আখতার ও ছয়বার উবিনীগের সাবেক এক নারী কর্মীর সঙ্গে কথা বলেন। একটি মুঠোফোনে তিনি দুটি সিম ব্যবহার করছিলেন। দুটি সিমেরই রেকর্ড পুলিশ পরীক্ষা করে দেখেছে। এর ভিত্তিতে পুলিশ সবার সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, ওই সাবেক কর্মীর ৩৫ লাখ টাকার প্রয়োজন ছিল। তিনি তাঁর পরিবারের কাছে বিষয়টি লুকিয়েছেন। ওই টাকা জোগাড় করতে নিজেই অপহরণের নাটক সাজান। তিনি ‘নিখোঁজ’ অবস্থায় খুলনা থেকে ওই কর্মীকে দুই দফায় ১৫ হাজার টাকা পাঠান।

শহীদুল হক বলেন, ‘অপহৃত অবস্থায় তিনি যা যা করেছেন, তা কি অবাস্তব নয়? ফরহাদ মজহার নিখোঁজের খবর প্রচারের পরই প্রধানমন্ত্রী, সরকার, গোয়েন্দা বাহিনী ও প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীকে জড়িয়ে অনেক রকম বক্তব্য আসতে শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া এমন কথা বলায় মানুষের মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। সেটা পরিষ্কার হওয়া দরকার।’

আইজিপি বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে টেলিভিশনে বলতে শোনা যায়, ফরহাদ মজহার কোথায় আছেন, সে সম্পর্কে প্রধানমন্ত্রী জ্ঞাত। এর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত। লন্ডনে তাঁকে উদ্ধারের জন্য মানববন্ধন হয়। আইজিপি আরও বলেন, ফেসবুকে প্রচারণা চালানো হয় যে ফরহাদ মজহারের মেয়ের উদ্যোগে ১২ জন কংগ্রেসম্যান সরকারকে ফোন করে চাপ সৃষ্টি করেন, এতে সরকার তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।

আইজিপি বলেন, সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে এসব বক্তব্য দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে পুলিশ শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে।

আইজিপির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো মনে করি, ফরহাদ মজহার অপহৃত হয়েছেন। প্রধানমন্ত্রীর প্রজ্ঞায় ফরহাদের জীবন বেঁচেছে। পুলিশ ও র‍্যাব উদ্যোগ নিয়ে ভালো কাজ করেছে। পরের ঘটনা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি পুলিশকে সত্যব্রতী হতে বলব।’

ফরহাদ মজহার যদি সত্যিই অপহৃত হয়ে না থাকেন, তাহলে কি তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফরহাদ মজহার যদি আমাদের তদন্তকে চ্যালেঞ্জ করেন, আমরাও আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবব।’

এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ৩ জুলাই সকালে ফরিদা আখতার যখন থানায় লোক পাঠিয়ে অভিযোগ জানান, ফরহাদ মজহারের অবস্থান তখন আরিচা ঘাটের পরে ছিল। মোবাইল ট্র্যাকিংয়ের ওই তথ্যের ভিত্তিতে পুলিশ তখন আরিচার পর থেকে সব মাইক্রোবাসে তল্লাশি শুরু করে, কিন্তু কোনো মাইক্রোবাসে তাঁকে পাওয়া যায়নি।

ফরহাদ মজহার কেন খুলনাতেই গেলেন এবং কীভাবে গেলেন—এই প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সেটা ফরহাদ মজহারই বলতে পারবেন। এখনো এটা পরিষ্কার না। তবে ধারণা করছি, তিনি বাসে করে খুলনায় পৌঁছান।’

সংবাদ সম্মেলন শেষে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফরহাদ মজহার কী উপায়ে খুলনায় পৌঁছেছেন, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁর পরিবার বলছে, তিনি এখনো আতঙ্কগ্রস্ত। তবে সময়মতো তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি পুলিশকে সহযোগিতা না করলে প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে আইনগতভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 বিবিসি বাংলাকে ফরিদা আখতার

এদিকে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘আমার তো মনে হয় অপহরণ নিয়ে কোনো তদন্ত হয়নি। তিনি খুলনায় গেলেন কীভাবে? পুলিশ এখন বলছে যে বাসে গেছেন, মাইক্রোবাসে না। তাহলে কি আমি এখন প্রশ্ন করব, মাইক্রোবাসকে চাপা দিতে বাসের কথা নতুন করে আসছে? কারণ আমি বারবার বলছি, সেদিন তো ফোন ট্র্যাকিং করছিল পুলিশ। তাহলে সেটা মাইক্রোবাসে হোক বা বাসে হোক, তিনি যেখানে ছিলেন, সেটা তো শনাক্ত হওয়ার কথা। তখন হয়নি কেন?’

ফরিদা আখতার বিবিসিকে বলেন, ‘খুলনা থেকে টাকা পাঠানোর বিষয়টি ওনাদের (পুলিশের) কথা। আমাদের তথ্যের সঙ্গে ওনাদের তথ্য মিলছে না। যেহেতু তাঁরা বলছেন, প্রমাণ করছেন। আমাদের হাতে কিছু নেই। কিন্তু সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত যেসব খবর পেয়েছি, তার সঙ্গে এগুলো মিলছে না। উনি (ফরহাদ মজহার) যে অপহরণকারীদের কবল থেকে মুক্ত ছিলেন সাড়ে সাতটার আগ পর্যন্ত, বাসে ওঠার আগ পর্যন্ত ওনারা প্রমাণ করতে পারছেন না।’

ফরহাদ মজহার ৩ জুলাই ভোরে ঢাকার শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ‘অপহৃত’ হন বলে ফরিদা আখতার আদাবর থানায় অভিযোগ করেন। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে অনুসন্ধান শুরুর পর ওই দিন রাতে যশোরে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থেকে ফরহাদ মজহারকে নামিয়ে আনে।

পরদিন ঢাকায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার বলেছিলেন, ভোরে ওষুধ কেনার জন্য তিনি বাসা থেকে বের হলে কয়েকজন একটি মাইক্রোবাসে করে তাঁকে তুলে নিয়ে যায়।