সরকারকে বিব্রত করতেই ধারাবাহিক ঘটনা: নাসিম
গুপ্তহত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করার জন্যই ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক-পূর্ব সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। পরে ১৪ দলের বৈঠকে ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের অশুভ চক্রান্তের প্রতিবাদে’ ৮ মে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ১৮ মে রাজশাহী মহানগর ১৪-দলীয় জোটের উদ্যোগে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের পরিস্থিতি যখন স্থিতিশীল হচ্ছে, বাংলাদেশ যখন জাতীয়-আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। ধারাবাহিকভাবে একই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। যার উদ্দেশ্য একটাই—শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা, এই সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপে ফেলা।
সংবাদ সম্মেলনের পর বৈঠকে বসে ১৪-দলীয় জোট। সেখানে জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া কমানোর ব্যাপারে কথা বলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমায় বাসের ভাড়া কমাতে হবে। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাঁর বক্তব্যে অন্যরাও সমর্থন জানান।
বৈঠকে খণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার ও কেন্দ্রীয় নেতা নাদের চৌধুরী উপস্থিত ছিলেন। জাসদের ভাগাভাগির বিষয়ে কথা উঠলে তা জোটের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আলোচনা করার কথা বলেন মোহাম্মদ নাসিম।
১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।