সরকারকে বেকায়দায় ফেলতে নাসিরনগরে হামলা: হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ কাজ করা হয়েছে। তিনি বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলতে উসকানি দেওয়া হয়েছে। যারা উসকানি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে বের করবে। কে বা কারা করেছে জানি না।’

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জুনায়েদ বাবুনগরী।

মিয়ানমারের আরাকানে ‘মুসলমান নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা’ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

জুনায়েদ বাবুনগরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো সন্ত্রাসী হামলা, বাড়িঘরে আগুন দেওয়া সমর্থন করে না ইসলাম। এ ধরনের হামলা ইসলামের দৃষ্টিতে হারাম।

সংগঠনের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ কাজ করেছে। আইনশৃঙ্খলা নষ্ট করতে এসব করা হচ্ছে। নাসিরনগরের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় হেফাজতে ইসলাম বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। এ ছাড়া সংগঠনের নেতা মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান তিনি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে যারা হামলার পরিবেশ তৈরি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের কাছে দাবি হলো, মিয়ানমার সরকারের গণহত্যা ও অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আন্তর্জাতিকভাবে ¯মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক পদক্ষেপ জোরদার করুন।’

জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সংস্থাসমূহকে আরাকানের মুসলমানদের রক্ষায় কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে ১৮ নভেম্বর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল এবং ২৫ নভেম্বর কক্সবাজার শহরে সমাবেশের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এই সময়ের মধ্যে মিয়ানমারের আরাকানে গণহত্যা বন্ধ করা না হলে চট্টগ্রাম থেকে আরাকান অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হেফাজত নেতারা ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকীম, হেফাজতে ইসলামের আমিরের প্রেস সচিব মনির আহমদ, হাজি মুজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।