সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেছেন, যাঁরা ব্লগার বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাঁদের ওপর আঘাত আসছে। কারও ওপর আক্রমণ হলে সরকার সহজভাবে নিচ্ছে না। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেউ বাঁচতে পারবে না।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যালয়ের স্থলে নতুন ভবন করার বিষয়টি জানাতে এই যৌথ সভা করা হয়।
হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি তো এখন ক্ষমতায় নাই। তারপরও কিন্তু তারা রাজনীতির জন্য সময় দেয় না। মাঝে মাঝে আসে, এক দিন দুই দিন কথা কয়, তিন-চার মাসে কোনো খবর নাই। তাদের খুঁজে পাওয়া যায় না।’
ওলামা লীগ আওয়ামী লীগের কোন পর্যায়ের সংগঠন—সাংবাদিকদের এমন প্রশ্নে সৈয়দ আশরাফ বলেন, ওলামা লীগ আওয়ামী লীগের অঙ্গ কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয়। ওলামা লীগ যদি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে থাকে, এটা তাদের বিষয়। এখন অনেকে তো আওয়ামী লীগের নাম ব্যবহার করে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাণিজ্য হচ্ছে কি না—এমন প্রশ্নে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যসচিব সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের দেশের সর্ববৃহৎ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে কিছু কিছু ঘটনা আগে ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। এমন কোনো ঘটনা ঘটেনি যে সেটা জাতির জন্য চ্যালেঞ্জের। নির্বাচন শেষ হলে এটা মানুষ ভুলে যাবে।’ তিনি বলেন, ‘আপনাদের আগের ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি স্মরণ থাকে, দেখবেন, এবারই সবচেয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। রাজনৈতিক শৃঙ্খলা থাকায় সংঘাত কমে গেছে।’
৩০ মের মধ্যে ছাড়তে হবে আ.লীগ কার্যালয়: সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। তাই সেখান থেকে ৩০ মের মধ্যে দলটির সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় সরিয়ে ফেলতে হবে। তিনি বলেন, সেপ্টেম্বরে কার্যালয়টির নির্মাণকাজ শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই ভবনের নকশা অনুমোদন করেছেন। সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, আবদুর রাজ্জাক, আবদুস সোবহানসহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।