সরকারকে বেকায়দায় ফেলতেই শিবিরের একাজ!
সরকারকে বেকায়দায় ফেলতেই চট্টগ্রামে শিবিরকর্মীরা মসজিদে ঢুকে পবিত্র কোরআন শরিফের পাতা ছেঁড়ার কাজটি করেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, এই অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেপ্তারকৃত চার শিবিরকর্মীর মধ্যে দুজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। স্বীকারোক্তিতে তাঁরা বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে সাতকানিয়া ও লোহাগাড়ার ১৯ টি মসজিদে পবিত্র কোরআন শরিফের পাতা ছিঁড়ে রাখা হয়। কিন্তু ওই পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান হাফিজ আক্তার। তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সচেতন থাকার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, ১৪ জানুয়ারি পুলিশের কাছে খবর আসে সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার প্রায় ১৯ টি মসজিদে পবিত্র কোরআন শরিফের ভেতরের পাতাগুলি ছেঁড়া অবস্থায় পাওয়া যাচ্ছে। কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তা ছড়িয়ে দেয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণকে অনুরোধ করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ জানুয়ারির পর সাতকানিয়া থেকে চার শিবিরকর্মীকে আটক করা হয়। এদের একজন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শিবির সভাপতি রিয়াদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেন। পরে (২৪ জানুয়ারি) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরদিন (২৫ জানুয়ারি) জবানবন্দি দেন আরেক আসামি শিবিরকর্মী আসাদুজ্জামান। বাকি দুই শিবিরকর্মী মো. আরমান ও আমিনুল ইসলাম জবানবন্দি দেননি। চার শিবিরকর্মী বর্তমানে কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার আরও বলেন, জামায়াত ও শিবিরের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের নির্দেশে ক্ষমতাসীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে মসজিদের ভেতর রাখা পবিত্র কোরআন শরিফের ভেতরের পাতাগুলো তারা ছিঁড়ে রাখেন। যাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে ভিন্ন ধর্মাবলম্বী জনগণের প্রতি ঘৃণাবোধ ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়। এ জন্য তাঁরা ৯ জানুয়ারি সাতকানিয়ার উত্তর ঢেমশা ইন্দ্রার দিঘীরপাড় বড় বাড়ি মসজিদে গোপন বৈঠক করেন। বৈঠকে প্রতি মসজিদে দুজনকে করে পাতা ছেঁড়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় সাতকানিয়া ও লোহাগাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
গ্রেপ্তার দুই শিবিরকর্মীর জবানবন্দিতে উঠে আসা নগর ও জেলার জামায়াত শিবিরের কর্মীদের নাম তদন্তের স্বার্থে গোপন রাখেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মো. শহীদুল্লাহ, সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুঁইয়া ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার।