পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের সংবাদপত্রগুলো সরকারের নানা অসংগতি তুলে ধরে সরকারকে ভুল সংশোধনের সুযোগ করে দেয়। আর এর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে ‘কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশ জার্নালিজম ২০১১’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে কানাডার হাইকমিশন ও বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)।কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় যৌথভাবে আটজন সাংবাদিককে পুরস্কার দেয় কানাডার হাইকমিশন ও বিসিডিজেসি।অনুষ্ঠানে দীপু মনি বলেন, সাংবাদিকতায় নানা ধরনের প্রতিকূলতা রয়েছে। তার পরও সাংবাদিকেরা সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের সময় সাংবাদপত্র সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে।কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল বলেন, বিভিন্ন ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হলে তা ওই সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে ম্যাকডুগাল সবাইকে বাংলায় ধন্যবাদ জানান।ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম বলেন, সাংবাদিকেরা পুরো জাতির কাছে দায়বদ্ধ। এ জন্য তাঁদের জবাবদিহি বেশি। বিশ্বের অনেক দেশে সংবাদপত্রের জবাবদিহি নিশ্চিত করতে ন্যায়পাল রাখা হয়।আয়োজকেরা জানান, এবার পুরস্কারের প্রতিপাদ্য ছিল ‘ইনভেস্টিগেটিভ রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস অব অ্যাকাউন্টিবিলিটি অ্যাট লোকাল অ্যান্ড ন্যাশনাল লেভেলস অন অল সেক্টরস ইমপ্যাক্টিং অন গভর্ন্যান্স ইন বাংলাদেশ’।অনুষ্ঠানে চারটি বিভাগে সাতজন রিপোর্টার ও একজন আলোকচিত্রীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, মানবজমিন-এর নাশরাত আসিয়ানা চৌধুরী, জনকণ্ঠ-এর নাজনীন আক্তার, বৈশাখী টেলিভিশনের কিশোয়ার লায়লা, দেশ টিভির সাজিদুল হক, এটিএন নিউজের মাশহুদুল হক, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জাকিয়া আহমেদ এবং ইত্তেফাক-এর আলোকচিত্রী সুবীর কুমার এই পুরস্কার পেয়েছেন।পুরস্কার বিজয়ীদের ইত্তেহাদ এয়ারলাইনসের পক্ষ থেকে ঢাকা-আবুধাবি এবং জিএমজি এয়ারলাইনসের পক্ষ থেকে ঢাকা-কুয়ালালামপুর বিমানের টিকিট দেওয়া হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিডিজেসির প্রেসিডেন্ট নাঈমুল ইসলাম খান।