সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছেন দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দিলে জনগণ মানবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার আগে সরকারকে আরও ভেবে ও চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। সম্প্রতি সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।খোন্দকার দেলোয়ার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে এই সরকার কেবল পুরুষকে নারী আর নারীকে পুরুষ করা ছাড়া সব কিছু করতে পারে।’ তিনি বলেন, যেভাবেই এই সরকার ক্ষমতায় আসুক না কেন তাদের অনেক কিছু করার ক্ষমতা আছে। তবে সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে সরকারের আরও ভাবা দরকার। কেননা জনগণ তা মেনে নেবে কি না সেটাও একটা প্রশ্ন। তিনি আরও বলেন, ভাবনা চিন্তা না করে কাজ করলে পরিণতি ভালো হয় না।যৌথ সভা: সংবাদ সম্মেলনের আগে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সভাপতিত্ব করেন খোন্দকার দেলোয়ার। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের এবং ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার ও ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে আছে ১ সেপ্টেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন ও ৩১ আগস্ট দুপুর ১২টায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা।