সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। এ অবস্থায় দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে। গতকাল শনিবার বিকেলে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সম্মানে দেওয়া জেলা বিএনপির এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাংসদ মজিবর রহমান সরোয়ার, সাংসদ আসিফা আশরাফি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বরিশাল নগরের অশ্বিনীকুমার হলসংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন। তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপি ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ আরও বক্তব্য দেন দলীয় সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক সাংসদ আবুল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।