সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ: আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চট্টগ্রাম মহানগরের সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। এই নির্বাচন প্রমাণ করেছে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
গতকাল মঙ্গলবার বিএনপির চট্টগ্রাম নগরের ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের মাঝিরঘাট ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহানগরের সহসভাপতি আবু সুফিয়ান। অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ডবলমুরিং থানার সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন।
আমীর খসরু আরও বলেন, গত সাড়ে চার বছরে সরকারের দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতনে জনগণ অতিষ্ঠ। সীমাহীন দুর্নীতি আর লুটপাটের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সরকার পঙ্গু করে দিয়েছে। কথায় কথায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার আর মামলা দিয়ে দমনের অপচেষ্টা করছে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের তীব্র সংকটে দেশের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। এই অসহনীয় অবস্থা থেকে দেশ ও জাতি মুক্তি চায়।