নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘সরকারকে সতর্ক করতে বিভিন্ন সময়ে বলেছি, বিরোধী দল না এলে আমি নির্বাচনে যাব না।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে এরশাদ তাঁর বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজে যোগদান অনুষ্ঠানে এ ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘প্রতিবার সংসদ নির্বাচনের সময় দেশে সংঘাত, সহিংসতা, মানুষ হত্যা করা হয়েছে। এ সবকিছু বন্ধ করতে আমি নির্বাচনে অংশ নিয়ে কি অপরাধ করে ফেললাম? আমি নিজেই জানি না, নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না। তবে চেষ্টা করে দেখি।’
নির্বাচনে অংশগ্রহণ না করলে তাঁর দল ক্ষতিগ্রস্ত হতো—এমন মন্তব্য করে এরশাদ বলেন, ‘অন্য দলের জন্য আমি আমার দলের ক্ষতি করতে পারি না। এ জন্যই আমি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি হরতালের নামে গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা, সহিংসতা বন্ধ করে বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি ১০৫টি: গতকাল দ্বিতীয় দিনে আরও ১০৫ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এই নিয়ে দুই দিনে ২৯৭টি ফরম বিক্রি হলো।