জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার একাধিক সাক্ষী বলেছেন, গোলাম আযমের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর দল যেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। কারণ, মৃত্যুর আগ পর্যন্ত গোলাম আযম বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করে গেছেন।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং মুক্তিযুদ্ধকালে গণহত্যার প্রতীক গোলাম আযম গত বৃহস্পতিবার রাতে মারা যান। মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এই জামায়াত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন।
গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন। জানতে চাইলে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, গোলাম আযম আমাদের একটি অশুভ শক্তির প্রতীক। শুধু মানবতাবিরোধী অপরাধী নয়, বাংলাদেশের অশুভ রাজনীতি, যা কিছু অশুভ, তার প্রতীক গোলাম আযম। প্রথম থেকে রাজনীতিতে ধর্মের ব্যবহার, নিজের দেশকে দেশ না ভাবা, যা বলা সে অনুযায়ী কাজ না করা, এই কাজগুলো, যেগুলো জামায়াতে ইসলামীর আদর্শ, এগুলো তিনিই এখানে দিয়েছেন।’
মুনতাসীর মামুন আরও বলেন, ‘মৃত্যুর আগে তিনি নাকি অছিয়ত করে গেছেন, যুদ্ধাপরাধীকে দিয়েই তাঁর জানাজা পড়াতে হবে। এর একটা কারণ হলো, তাঁরা একটা ভাবাবেগ জাগাতে চাইছেন যে একটা বুড়ো লোক মারা গেল, অছিয়ত করে গেল, সরকার এটা মানল না। আসলে এই লোকটি কতটা অশুভ চিন্তা করে, তিনি অশুভ চিন্তার দূরদর্শী।’
গোলাম আযমের বিরুদ্ধে মামলার দ্বিতীয় সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুব আহমদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেও বেঁচে যান গোলাম আযম। বেশি বয়সের জন্য তাঁকে অনুকম্পা দেখিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ জন্য তিনি স্বাভাবিক মৃত্যুর সুযোগ পেলেন।
মুক্তিযুদ্ধকালে এসপি মাহবুব নামে পরিচিত এই মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘কয়লা ধুলেও যে ময়লা যায় না, গোলাম আযমের শেষ ইচ্ছা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। একাত্তরে তিনি এ দেশের বিরোধিতা করেছেন, ওই সময় তিনি যে অবস্থানে ছিলেন, মৃত্যুর পরেও সেই অবস্থানে রয়ে গেছেন। এ জন্য তাঁর প্রতি সামান্যতম কৃপা করা উচিত নয়।’
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গত বৃহস্পতিবার রাতে বলেন, গোলাম আযমের শেষ ইচ্ছা ও জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির যে তাণ্ডব চালাতে পারে, সেটা সামাল দিতে সরকারের প্রস্তুতি নিয়ে সন্দেহ আছে। সরকার ইতিমধ্যে গোলাম আযমকে অনেক মানবতা দেখিয়েছে। এখন তাঁর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে দেশের জন্য সমূহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করা ঠিক হবে না।
শাহরিয়ার কবিরও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তবে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দেন।
গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, বয়স বেশি হওয়ার সুবাদে মৃত্যুদণ্ড এড়াতে পারলেও মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে মারা গেলেন গোলাম আযম। মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে ওই সাজা ভোগ করতে হয়েছে।