বাংলাদেশের মানুষের মনোভাবের প্রতি সম্মান দেখাতে ভারতের প্রতি আহ্বান
সরকারকে সমঝোতার পথে আসতে বললেন খালেদা
একগুঁয়েমি প্রত্যাহার করে শান্তি ও সমঝোতার পথে এগোনোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোভাবের প্রতি সম্মান দেখানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিএনপি ও দেশবাসীর আহ্বানে সাড়া না দিলেও জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় আলোচনায় সম্মত হওয়ায় দেশবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এদিকে আজ শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের মধ্যে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে তৃতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে। গুলশানে ইউএনডিপির কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে উভয় দলের সূত্রগুলো জানিয়েছে। এর আগে গত মঙ্গল ও বুধবার তারানকোর উপস্থিতিতে উভয় দলের মধ্যে দুই দফা বৈঠক হয়।
গতকালের বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের বিরাজমান সংকট নিরসনে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে অভিনন্দন জানান।
খালেদা জিয়া বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র সরকার, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, গণচীন, জাপান সরকারসহ বিভিন্ন বন্ধুদেশের সরকারকে ধন্যবাদ জানাই, তারাও এ সংকট নিরসনে সমঝোতার আহ্বান অব্যাহত রেখেছে। প্রভাবশালী প্রতিবেশী দেশ ভারতের সরকার ও জনগণের প্রতিও আমার আহ্বান, তারাও যেন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতি, দাবি ও মনোভাবের প্রতি সম্মান দেখিয়ে বিশ্ব সম্প্রদায়ের অবস্থানের সঙ্গে একাত্ম থাকে।’
খালেদা জিয়া বলেন, সমঝোতার পথ প্রশস্ত করার জন্য সংলাপের পরিবেশ তৈরি করা খুবই অপরিহার্য। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়া ও মামলা প্রত্যাহার করা হচ্ছে না। নির্বাচনের তফসিল স্থগিত করা হয়নি। বিরোধী দলের অবরুদ্ধ কার্যালয় খুলে দেওয়া হয়নি। শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি এই বিষয়গুলো বাস্তবায়ন করে সংলাপ ও সমঝোতার পথ প্রশস্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, জনগণের দাবিকে পাশ কাটাতে সরকার উসকানি, অন্তর্ঘাত, নাশকতা ও অপপ্রচার অব্যাহত রেখেছে। হঠকারিতার আশ্রয় নিয়ে উসকানিমূলক ঘটনা ঘটিয়ে গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে অপপ্রচার করেছে।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, এই সরকারের সময় স্বাধীন বিচারব্যবস্থার স্বপ্ন বিলীন হয়ে গেছে। এর ওপর জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট করে ফেলা হয়েছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিচারব্যবস্থা নিয়ে উত্থাপিত হচ্ছে গুরুতর প্রশ্ন। তিনি বলেন, দেশের শিল্প-বাণিজ্য-অর্থনীতি আজ স্থবির। সুপরিকল্পিত চক্রান্ত ও নাশকতায় বিকাশমান তৈরি পোশাক খাত ধ্বংসের মুখোমুখি। সরকারের একগুঁয়েমি এবং ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনার কারণে সর্বক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় নেতা বলেন, রাজনৈতিক সংকট থেকে জাতিকে মুক্ত করতে ও দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। তিনি বিএনপির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। একই সঙ্গে নিরপরাধ কোনো নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রত্যেক নেতা-কর্মীকে সব সময় সচেতন থাকতে বলেছেন।