সরকারকে সরাসরি সাহায্য না দিতে সতর্ক থাকবে যুক্তরাজ্য
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অভিযোগ, পাল্টা অভিযোগ ও বিতর্কের প্রেক্ষাপটে দেশটির সরকারকে সরাসরি সাহায্য না দেওয়ার বিষয়ে সতর্ক থাকবে যুক্তরাজ্য। তবে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এনজিওর মাধ্যমে যেসব প্রকল্পে কাজ হচ্ছে, তা চালু থাকবে।
গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এসব কথা জানান দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান।
হাউস অব কমন্সে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার মতো খাতভিত্তিক কার্যক্রমে সহায়তা দিচ্ছি। আমরা প্রধানত বেসরকারি সংস্থা বা এনজিওগুলোর মাধ্যমে কাজ করছি। ডিএফআইডি দেশটিতে যেসব প্রকল্পে কাজ করছে, তা চালু থাকবে।’
লন্ডনের এনফিল্ড এলাকার এমপি নিক ডি বোয়া কমন্স সভায় জানতে চান, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশে উন্নয়ন প্রকল্পগুলোতে কী প্রভাব পড়বে বলে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী মনে করেন? জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ সরকার সতর্কতার সঙ্গে সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো প্রকল্পও বাতিল হয়নি।
সম্পূরক প্রশ্নে নিক ডি বোয়া জানতে চান, মন্ত্রী তাঁর সঙ্গে একমত হবেন কি না যে, তাঁর মন্ত্রণালয়ের ব্যয় করা অর্থের অনেকটাই সদ্ব্যবহার হলেও গণতন্ত্রকে শক্তিশালী করতে যে অর্থ ব্যয় করা হয়েছে, তা কার্যত অপচয় হয়েছে। কেননা, দৃশ্যত দেশটির নেতারা গণতন্ত্রচর্চায় আগ্রহী নন। জবাবে ডানকান বলেন, ‘এ কথা সত্য, বাংলাদেশের রাজনীতি এমন একটা অবস্থায় পৌঁছেছে, যেটা প্রত্যাশিত নয়। তবে আমাদের অর্থের অপচয় হয়েছে এমন নয়। আমরা কোনো রাজনৈতিক দলকেই অর্থ দিইনি। পার্লামেন্টারি কমিটিগুলো বিশেষ করে সরকারি ব্যয়সংক্রান্ত কমিটির সঙ্গে কাজ করেছি। যার উদ্দেশ্য ছিল সরকারের কাজকর্মে পার্লামেন্টের নজরদারির ব্যবস্থা জোরদার করা। আর এ কাজটি এনজিওর মাধ্যমে করা হয়েছে।’
এরপর সম্পূরক প্রশ্নে লেস্টারের এমপি ভারতীয় বংশোদ্ভূত কিথ ভাজ তাঁর বক্তব্যে নির্বাচন নিয়ে যতই বিতর্ক থাকুন না কেন এবং ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের এনজিওগুলোকে সহায়তা প্রদান অব্যাহত রাখতে তিনি প্রতিমন্ত্রী ডানকানের প্রতি আহ্বান জানান।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি মার্টিন হরউড বলেন, যুক্তরাজ্য যে নতুন ‘কনফ্লিক্ট, স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি ফান্ড’ প্রতিষ্ঠা করছে, সেই তহবিলের সহায়তার জন্য বাংলাদেশ একটি ভালো প্রার্থী। কারণ, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি উন্নয়নের সঙ্গে স্থিতিশীলতার গুরুত্বকে তুলে ধরেছে। তিনি জানতে চান, এ তহবিল পরিচালনার ক্ষেত্রে ডিএফআইডির কি কোনো ভূমিকা থাকবে, যাতে উন্নয়নের সঙ্গে স্থিতিশীলতার সম্পর্কটি যথাযথ গুরুত্ব পায়?
জবাবে ডানকান বলেন, ‘তাঁর মন্ত্রণালয় এ নতুন তহবিল ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্যান্য প্রতিনিধি ও সংস্থার সঙ্গে আমরা এ বিষয়ে একসঙ্গে কাজ করে থাকি।’
যুক্তরাজ্য গত বাজেটে বিশ্বের দরিদ্র দেশগুলোতে সংঘাত ঠেকানো এবং যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের প্রতি হুমকি মোকাবিলায় নতুন তহবিল কনফ্লিক্ট, স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি ফান্ড প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। এ জন্য ২০১৫-১৬ সালে বরাদ্দ ধরা হয়েছে ১০০ কোটি পাউন্ড।