সরকারকে সহযোগিতা করতে রাষ্ট্রপতি হামিদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকার কিশোরগঞ্জ জিলা সমিতির উদ্যোগে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

বাসস জানায়, ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সরকারের দায়িত্ব হলো অবকাঠামোসহ উন্নয়নবান্ধব পরিবেশ সৃষ্টি করা। অপরদিকে জনগণের দায়িত্ব হলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা।

আবদুল হামিদ বলেন, গণতান্ত্রিক শাসন ও রীতিনীতি মেনে চলার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ও একে আরও সক্রিয় করা সবার দায়িত্ব।

রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলাকে হাওর ও নদী পরিবেষ্টিত উল্লেখ করে বলেন, ‘ভৌগোলিক দিক থেকে এ জেলাটি অত্যন্ত দুর্গম এলাকা। তবে আমরা প্রাকৃতিকভাবে শান্তিতে আছি। জেলার প্রত্যেকেই একে অপরকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করে থাকে।’

রাষ্ট্রপতি এলাকার সাধারণ লোককে বিশেষ করে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।

সমিতির সভাপতি মুহম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি এম মুজাম্মেল হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।