সরকারকে সহযোগিতায় এগিয়ে আসুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের সার্বিক উন্নয়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, সরকারের দায়িত্ব অবকাঠামোসহ উন্নয়নবান্ধব পরিবেশ সৃষ্টি করা। অপরদিকে জনগণের দায়িত্ব সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা। তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ও রীতিনীতি মেনে চলার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ও একে আরও সক্রিয় করা সবার দায়িত্ব।
আবদুল হামিদ বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবেই। তবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা দেখানো, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গণতন্ত্রের মূল উদ্দেশ্য।
রাষ্ট্রপতি বলেন, ‘আমার সারাজীবন অন্য রাজনৈতিক দল এবং ভিন্ন আদর্শের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। রাজনৈতিক নেতাদের প্রতি শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। এ কারণে কিশোরগঞ্জ জেলায় কখনোই রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যকার সহিষ্ণুতা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশের মাটি ও মানুষের কাছে প্রত্যেকে দায়বদ্ধ। আমাদের এ দায়বদ্ধতা পূরণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’ তিনি বলেন, কিশোরগঞ্জ জেলা সমিতি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সমিতির সদস্যরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের জন্য তাঁদের সহায়তার হাত বাড়িয়েছেন।
সমিতির সভাপতি মুহম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।