সরকারকে ৪২ বছরের সংগ্রহ দিলেন মান্নান
প্রায় চার দশক ধরে গ্রামগঞ্জে ঘুরে ব্যক্তি উদ্যোগে সংগ্রহে রাখা প্রায় আড়াই হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন বগুড়ার প্রত্নতত্ত্ব সংগ্রাহক আবদুল মান্নান।
বগুড়ার মহাস্থান জাদুঘর চত্বরে গতকাল শনিবার বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেনের কাছে এ প্রত্নতত্ত্বসামগ্রী হস্তান্তর করেন তিনি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মান্নান ইতিকথা পুণ্ড্রবর্ধন নামের ইতিহাস গ্রন্থ রচনা করতে গিয়ে চষে বেড়ান পুরো মহাস্থান ও তার পার্শ্ববর্তী এলাকা। সেই সময়ই তাঁর নজরে আসে অনেক প্রত্নতত্ত্বসামগ্রী নানা স্থানে অনাদরে পড়ে আছে। পরে ১৯৭৫ সাল থেকে তিনি প্রত্নতত্ত্বসামগ্রী সংগ্রহ শুরু করেন, টানা ৪২ বছর ধরে সেসব সংগ্রহ করেন। একসময় তিনি ব্যক্তি উদ্যোগে একটি জাদুঘর করার ইচ্ছা প্রকাশ করেন। এ জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যোগাযোগ করেন মান্নান। কিন্তু আইনি জটিলতায় সেই অনুমোদন সম্ভব নয় বলে তাঁকে জানানো হলে তিনি সংগৃহীত সামগ্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তর তথা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় গতকাল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন বগুড়ায় এসে ওই সামগ্রীগুলো তাঁর কাছ থেকে গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান মজিবর রহমান প্রমুখ।
যেসব সামগ্রী আবদুল মান্নান হস্তান্তর করেন, তার মধ্যে পোড়ামাটির অলংকৃত ইট, পোড়ামাটির ঢাকনা, ঢাকনাসহ পাতিল ও বাটি, লাল ও কালো রঙের কলসি, ব্রোঞ্জের বাটি, খাড়ুয়া, বালা, লকেট, গলার হার, চুলের কাঁটা, কোমরের বিছা, চিনামাটির থালা, আলাদিনের প্রদীপসদৃশ পাত্র, লোহার মসলা বাটার পাত্র, অলংকার সংরক্ষণের জন্য ছোট বাক্স, কাচের মূর্তি, পাখির প্রতিকৃতির মূর্তি, হুক্কা, ছোট হাস্যবদন বুদ্ধমূর্তি, সাদা পাথরের বটিকা, পিতলের বাটি, থালা ও কুপি, ঘটি, জলদানি, নলযুক্ত পোড়া মাটির কলস, পিতলের রিকশা, পানদানি, আতরদানি, সুরমাদানি, রুপার মুদ্রা, তামার মুদ্রা, কড়ির মালা, হাড়ের তৈরি নরমুণ্ড মালা, কাঠের মালা, সোনার প্রলেপযুক্ত কয়েন, তামার ফরাসি লিপি, পোড়ামাটির সিলিং (মোহর), নানা রঙের বিটিং (পুঁতি), প্রাচীন আমলের দরজা (কপাট) ও খাট (পালঙ্ক) উল্লেখযোগ্য।
আবদুল মান্নান বলেন, ইচ্ছা ছিল এসব সামগ্রী মানুষের জন্য প্রদর্শনের ব্যবস্থা করবেন। সেই ইচ্ছা থেকেই তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সেসব হস্তান্তর করলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মহাস্থান জাদুঘরে তা প্রদর্শনের মাধ্যমে তাঁর সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন বলেন, ওই সামগ্রীগুলো মহাস্থান জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।