নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা না দেখে অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারকে ‘জিরো টলারেন্সে’ থাকার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে জোটের নেতারা এ পরামর্শ দেন৷
বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে জানান, বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে শুধু উন্নয়ন করলেই সুশাসন প্রতিষ্ঠা হবে না। নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের মতো ঘটনা মোকাবিলায় সরকারকে জিরো টলারেন্স নিয়ে এগোতে হবে। সেখান থেকে একচুলও সরে আসা যাবে না।
বৈঠকে জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হলে একজন অভিজ্ঞ, দক্ষ ও রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে হবে।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিং করেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নারায়ণগঞ্জ ও ফেনীতে সাম্প্রতিক বিভিন্ন খুনের ঘটনায় সরকারদলীয় দুই সাংসদ শামীম ওসমান ও নিজাম হাজারীকে ঘিরে যে অভিযোগ এসেছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন জেলার নেতারাও জাতীয় নেতা হয়ে গেছে। অপরাধী অপরাধীই। তাদের কোনো রাজনৈতিক সংজ্ঞা নেই, পরিচয় নেই।’
নাসিম জানান, সরকারের সফলতা প্রচারের জন্য ১৫ জুনের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৪ দল সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পদক ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাসদের নাজমূল হক প্রধান, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল প্রমুখ।