সরকারগুলো সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজছে: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারগুলো অর্থনৈতিক-রাজনৈতিক সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজছে। তারা চাইছে, আগামী এক বছরের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাক। কারণ, বেশির ভাগ সরকারকে আগামী এক-দেড় বছরের মধ্যেই নির্বাচনে যেতে হবে। এর মধ্যে সরকারগুলো সমস্যার সমাধান না করলে জনগণ তাদের শাসনক্ষমতা থেকে সরিয়ে দেবে। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারের বোর্ডরুমে ‘সামাজিক ব্যবসা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার সনদ বিতরণ অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বেকারত্ব-সমস্যা প্রকট। দেউলিয়া হওয়ার উপক্রম। এখন জার্মানি ও ফ্রান্স ইউরোপকে কোনো রকমে রক্ষা করছে। পর্তুগালের অবস্থা খুব খারাপ।ড. ইউনূস বলেন, কোনো দেশের অবস্থা খুব ভালো নেই। এখন কিছুটা মজবুত অর্থনীতি রয়েছে জার্মানিতে। ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনীতির দুরবস্থা নিয়ে সবাই হতাশ। প্রচলিত অর্থনৈতিক কাঠামোর মধ্যে সমাধান আছে কি না, এখন সবাই তা খুঁজে বেড়াচ্ছে।মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগে যেকোনো ধরনের সমস্যা হলেই তাড়াতাড়ি বাক্স খুলে অর্থনীতির সব নীতি প্রয়োগ করতাম। সমাধানের চেষ্টা করতাম। এখন আর ওই সব নীতি দিয়ে সমাধান হচ্ছে না। কেউ আশার বাণীও শোনাতে পারছে না। তাই আমরা “সোশ্যাল বিজনেস সামিট”-এর দিকে তাকাচ্ছি। দেখতে চাইছি, এরা কী বলে, এদের মধ্য থেকে পাওয়া নতুন কথা কোনো কাজে লাগে কি না। তবে এই সম্মেলনে ত্বরিত সমাধান পাওয়ার আশ্বাসও দেওয়া যাচ্ছে না, কারণ এটা দীর্ঘমেয়াদি জিনিস।’ ড. ইউনূস মনে করেন, সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে প্রায় সব ধরনের অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, সময়ের বিবর্তনে যখন অন্যান্য অর্থনৈতিক নীতি বিভিন্ন সমস্যা সমাধানে গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তখন সামাজিক ব্যবসা এসব সমস্যার সমাধান করে দিচ্ছে। রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মনিকা আসলাম ও জান্নাতুল হাবিব। পুরস্কার হিসেবে তাঁদের দুজনকে ইউনূস সেন্টার ভিয়েনা নিয়ে যাবে। বিজয়ী দুজন আগামী ১০ থেকে ১২ নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট-২০১১’তে অংশ নেবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও ৪১ জন প্রতিযোগীকে সনদ বিতরণ করেন ড. ইউনূস। সমাপনী বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে থেকে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।অনুষ্ঠানে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।