সরকারগুলোকে বিনা মূল্যে তরঙ্গ দিতে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে তরঙ্গ দেওয়ার জন্য সরকারগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন বিশ্বের মুঠোফোন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেছেন, মুঠোফোনের উৎকর্ষ বা নতুন ডিজাইন অনেক হয়েছে। এখন সময় হয়েছে গ্রাহকদের কাছে উন্নত মানের সেবা পৌঁছে দেওয়ার। ব্যবহার করতে হবে উচ্চ মানের প্রযুক্তি ও দ্রুতগতির ইন্টারনেট। এ জন্য তরঙ্গ বা স্পেকট্রাম সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। এতে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকদের থাকবে পছন্দের সেবা বেছে নেওয়ার স্বাধীনতা। গতকাল সোমবার শুরু হয়েছে চার দিনব্যাপী ‘জিএসএমএ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’। স্পেনের বার্সেলোনায় আয়োজিত এই আন্তর্জাতিক মুঠোফোন প্রযুক্তির সম্মেলনের প্রথম দিনের সেমিনারগুলোতে জোর দেওয়া হয়েছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে। ‘রিডিফাইনিং মোবাইল’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ কংগ্রেসের বিভিন্ন আলোচনা সভায় মুঠোফোনের ভবিষ্যৎ প্রযুক্তিকে অ্যাপ্লিকেশন নির্ভর করার সুপারিশ করা হয়েছে। ‘মোবাইল অপারেটর স্ট্র্যাটেজি’ শীর্ষক সেমিনারের সঞ্চালনা করেন জিএসএমএর মহাপরিচালক অ্যামনি বোর্ভাট। জিএসএমএর ফ্রাঙ্কো বার্নাভি বলেন, এম হেলথ (মোবাইল হেলথ), এম এডুকেশন (মোবাইল শিক্ষা), এম এগ্রিকালচার (মোবাইল কৃষি) ধরনের সেবা পৌঁছে দিতে হবে গ্রাহকদের হাতে। এটা এখন সময়ের দাবি। মুঠোফোন অপারেটর এটিঅ্যান্ডটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (মোবিলিটি) রালফ ডি লা ভেগা বলেন, ভবিষ্যতের প্রযুক্তি হতে হবে অনেক সহজ। কারণ, ইউরোপের ৬৫ শতাংশ গ্রাহক মুঠোফোনের বিভিন্ন ধরনের ডিজাইনে দুই বছর আগেই বিরক্ত ছিল। তারা চেয়েছিল সহজে মুঠোফোন ব্যবহার এবং একই সঙ্গে জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট সেবা যেন সহজ হয়। মাত্র দুই বছরের মধ্যে স্মার্ট ফোন এখন তাদের নিত্যপ্রয়োজনীয় কাজগুলো সহজ করে দিয়েছে বলে গবেষণায় পাওয়া গেছে। চায়না মোবাইলের প্রেসিডেন্ট লি জুই বলেন, চীনে প্রতি ১০০ গ্রাহকের মধ্যে ৮৯ জন মুঠোফোনে কৃষিবিষয়ক (আপডেট) তথ্য পেতে চান। ভোডাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিক্টোরিও কোলারিও বলেন, মুঠোফোনে শিক্ষাবিষয়ক তথ্য এবং মুঠোফোনের মাধ্যমে পড়াশোনা করতে আগ্রহীর সংখ্যা ক্রমেই বাড়ছে। কংগ্রেসে বিশ্বের ১৩০টি দেশের প্রায় দেড় হাজার টেলিযোগাযোগ ব্যবসায়ী ও প্রতিষ্ঠান, নেটওয়ার্ক অবকাঠামো প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের সব মুঠোফোন অপারেটর ও হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।