সরকারদলীয় কর্মীরা ছাড়া কেউ নিরাপদ নয়: শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় কর্মীরা ছাড়া কেউ নিরাপদ নয় মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। গতকাল সোমবার বিকেলে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে ভাঙচুর করা হয়েছে, এ নিয়ে সরকারদলীয় সাংসদকে দায়ী করেন তিনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশে গণতন্ত্রের নামে এখন চলছে স্বৈরতন্ত্র। মামলা-হামলা করে বিএনপিকে দমানোর চেষ্টা চলছে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ আলী, শ্রমিকনেতা শেখ নুরুল্লাহ বাহার, শফিকুর রহমান প্রমুখ।
এর আগে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা দলীয় কার্যালয় যান। মিছিল ও সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ছিল পুলিশের।