সরকারদলীয় প্রার্থীকে জেতানোর চক্রান্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করার ‘নীলনকশা’ করা হয়েছে বলে অভিযোগ বিএনপির।গতকাল বুধবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার ও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। সরকারদলীয় প্রার্থী বলতে তাঁরা শামীম ওসমানকে ইঙ্গিত করেছেন।শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ নির্বাচনে কোনো কারচুপির ঘটনা ঘটলে এ জেলা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।আমানের দাবি, সরকারের ব্যর্থতার কারণে বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে তিনিই বিজয়ী হবেন।সভায় তৈমুর আলম রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান আওয়ামী লীগের লোক। তাঁর ওপর দলের প্রভাব রয়েছে।তৈমুর বলেন, সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে সরকারদলীয় হুইপ মির্জা আজম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এসেছিলেন। এটা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। তৈমুর অভিযোগ করেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যেসব ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে, তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। নির্বাচনে তাঁরা সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার দুই ওসিকে প্রত্যাহারের দাবি করে তৈমুর বলেন, ‘সদর থানার ওসি আকতার হোসেন আওয়ামী লীগের একজন এমপির জামাতা। তিনি হরতালের দিনগুলোতে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লাও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন।’মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবুল কালাম, বিএনপির নেতা আতাউর রহমান, আবু আল ইউসুফ খান, শামা ওবায়েদ, এ টি এম কামাল প্রমুখ।