সরকারপক্ষ ছেড়ে তালেবান দলে আফগান রাজনীতিক
আফগানিস্তানের উত্তরের প্রদেশ সারিপালের সাবেক পার্লামেন্ট সদস্য ও একটি জেলার গভর্নর কাজী আবদুল হাই সরকারপক্ষ ত্যাগ করে তালেবান দলে যোগ দিয়েছেন।
বিবিসি জানায়, আবদুল হাই ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য ছিলেন। এরপর তাঁকে সারিপাল জেলার গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। দেশটির উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তাদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি সরকারপক্ষ ত্যাগ করে তালেবান দলে যোগ দিলেন।
আবদুল হাইয়ের এমন পদক্ষেপের ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন নির্বাচন ঘনিয়ে আসছে। আসছে বছরে দেশটিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগেই দেশটিতে ন্যাটোর মোতায়েন করা বাহিনী তুলে নেওয়ার কথা রয়েছে।
বিবিসি বলছে, কাজী আবদুল হাই তাঁর দুজন দেহরক্ষীসহ গত মঙ্গলবার তালেবান দলে যোগ দেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, তিনি কেন ওই কাজটি করেছেন, তার কারণ তাঁদের অজানা। তবে তাঁরা বলছেন, এতে সরকারের ভাবমূর্তিতে কোনো প্রভাব পড়বে না।
সারিপালের সহকারী গভর্নর আবদুল গফুর দস্তিয়ার বিবিসির কাবুল প্রতিনিধিকে বলেন, ‘জেলার মানুষদের ওপরে তাঁর (আবদুল হাই) এ পক্ষ ত্যাগে কোনো প্রভাব পড়বে না। কারণ তিনি তেমন কোনো প্রভাবশালী ব্যক্তি ছিলেন না।’ গফুর আরও জানান, হাই আফগানিস্তান ছেড়েছেন এবং সম্ভবত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন।
আবদুল হাইয়ের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তালেবানরা। দলটি বলছে, এ অর্জন তাদের লড়াইকে যুক্তিযুক্ত করেছে। তারা আরও বলেছে, এ অঞ্চলে তাদের তত্পরতারও হাইয়ের পক্ষত্যাগের অন্যতম কারণ।
তালেবানদের ওয়েবসাইটে আবদুল হাইয়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে তিনি নিজেকে মুজাহিদিন যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন এবং বলেছেন, কাবুলের চার বছরে তিনি ‘সরকারের দুর্নীতির চেহারা’ দেখেছেন।