সরকারপ্রধানকে ভুল প্রতিবেদন দেবেন না, আশা প্রধান বিচারপতির

বিচার বিভাগ-সংক্রান্ত প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা সরকারপ্রধানকে ভুল প্রতিবেদন দেবেন না বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, বিচার বিভাগের ছোট সমস্যাগুলো ঠিকমতো তুলে ধরা হয় না। বরং উল্টোভাবে পেশ করা হয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচার বিভাগকে তার সংবিধান ও আইনের আওতার মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে, সে ক্ষমতায় যদি ঠিকমতো কাজ করতে দেওয়া হয়, তাহলে দেশে অনেকাংশে এই দুর্নীতি, অপরাধপ্রবণতা, এমনকি সন্ত্রাসমূলক কাজ যেগুলো হচ্ছে, তা চলে যাবে। তিনি বলেন, ভুল রিপোর্ট দেওয়ার পরে বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হচ্ছে না উল্টো সরকারেরই ক্ষতি হচ্ছে। সরকারের সবচেয়ে বড় জিনিস হলো সুন্দরভাবে আইনশৃঙ্খলা বজায় রাখা। আইনশৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে বড় জিনিস হলো অপরাধীদের ঠিকমতো বিচার করা ও সময়মতো তদন্ত করা। অপরাধীর সময়মতো বিচার না হয়, সে অপরাধী কিন্তু জামিনে বের হয়ে যায়। এরপর সে কিন্তু আবার অপরাধে জড়ায়। দেওয়ানি মামলায়ও সে রকম, যখন বিচার বিলম্বিত হয়, তখন কিন্তু আলটিমেটলি নিয়ম পন্থায় যখন সে বিচার পায় না, তখন কিন্তু অপরাধে জড়িত হয় জায়গা-জমি দখল করতে। এতে আইনশৃঙ্খলায় এফেক্ট (প্রভাব) করে।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচার বিভাগের ছোট সমস্যাগুলো ঠিকমতো তুলে ধরা হয় না। বরং উল্টোভাবে পেশ করা হয়। বলা হয়, বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ, এটি অত্যন্ত ভুল ধারণা। কোনো দিনই বিচার বিভাগ প্রশাসন বা সরকারের প্রতিপক্ষ হয়নি। আশা করব, তারা ঠিক রিপোর্ট দেবে, যাতে বিচার বিভাগ এবং সরকার সুন্দরভাবে চলে। সরকার ও প্রশাসন এটা উপলব্ধি করবে এবং এগিয়ে আসবে, ভবিষ্যতে যাতে আর কোনো ভুল-বোঝাবুঝি না হয়।’
প্রধান বিচারপতি বলেন, শাসনতন্ত্র অনুসারে রাজনৈতিক সরকার রাজনৈতিক চিন্তাধারায় করবে, কিন্তু সেই রাজনৈতিক সরকারের তার লাইন পরিষ্কারভাবে বলা আছে। বিচার বিভাগ কী করবে, তার লাইনও পরিষ্কারভাবে বলা আছে। যখনই দেখবে রাজনৈতিক সরকার যেটি করছে, তার রাজনৈতিক চিন্তাধারায় এটি শাসনতান্ত্রিক পন্থায় ঠিকমতো হচ্ছে না, তখন সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে, বিচার বিভাগ এগিয়ে আসবে। না হলে সে দেশের সভ্যতা থাকবে না।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘প্রতিটা রাজনৈতিক সরকার তার চিন্তাচেতনায় করে থাকে। এ কারণে বিচার বিভাগের প্রবর্তন, যাতে বিচার বিভাগে কোনো রাজনৈতিক চিন্তাচেতনা প্রতিফলন না হয়। এটি আমরা ভুলে যাই। যদি পাকিস্তান আমল থেকে ইতিহাস পর্যালোচনা করি, বিচার বিভাগের যত ক্ষতি করেছে, আমাদের বিচার বিভাগের কিছু সদস্য। আমরাই কিন্তু বেশি ক্ষতি করেছি। এটা দুই-একজন মাত্র। এটা প্রশাসনকে ভুল বোঝানো হয়েছে।’
৬ জেলা জজ, ৯ অতিরিক্ত জেলা জজ, ১৬ যুগ্ম জেলা জজ, ১২৩ সহকারী জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে ১৫৯টিসহ ৩০৭টি পদ খালি—এমন তথ্য তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় জনসংখ্যা, মামলা সংখ্যার অনুপাতে সবচেয়ে কম বিচারক আমাদের দেশে। সুপ্রিম কোর্ট থেকে চাহিদাপত্র দেওয়া হয়। আজকে চলে যাবে, সে পদে কালকে যদি পদায়ন করা হয়, তাহলে কিন্তু জট হতো না। বেসিক (মূল) এ বিষয়গুলো যদি সরকার ও নির্বাহীতে যাঁরা আছেন, যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের স্বল্প যে বাজেট, এর মধ্যে সমন্বয় করে বিচার বিভাগ ও সরকারের মধ্যে একটা সমন্বয় করা যেত। আমরা সব সময় সময়মতো চিঠি দিই বিচারক স্বল্পতা ও শূন্যস্থানে এ অবস্থা। প্রশাসনের তরফ থেকে সহযোগিতা পাই না। এটা হলো নিম্ন পর্যায়ের প্রশাসন।’
অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেম আরও আগে শুরু হওয়া দরকার ছিল মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সরকারের যে ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে, এর পেছনে অনেক টাকাও ব্যয় হচ্ছে। কিন্তু বিচার বিভাগ ডিজিটালাইজেশনের জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না। ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রশাসনের ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে। কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশনের ডিজিটালাইজেশনের জন্য ইউএনডিপির সাহায্য নিতে হচ্ছে, এটা দুঃখজনক। সরকারের সদিচ্ছা থাকলে এটি আরও অনেক আগেই করা যেত।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, কমিশনের সদস্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। স্বাগত দেন কমিশনের সচিব পরেশ চন্দ্র শর্ম্মা।
অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা তাঁদের আবেদনপত্র অনলাইনে পূরণ করে দাখিল করতে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।