সরকারপ্রধানকে ভুল রিপোর্ট দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

বিচার বিভাগসংক্রান্ত প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা সরকারপ্রধানকে ভুল রিপোর্ট দেবেন না বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, বিচার বিভাগের ছোট ছোট সমস্যাগুলো ঠিকমতো তুলে ধরা হয় না। উল্টোভাবে পেশ করা হয়। বলা হয়, বিচার বিভাগ প্রশাসনের প্রতিপক্ষ, এটি অত্যন্ত ভুল ধারণা। কোনো দিনই বিচার বিভাগ প্রশাসন বা সরকারের প্রতিপক্ষ হয়নি।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন নিবন্ধন পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা মনে করেন, বিচার বিভাগকে যদি সংবিধান ও আইনের আওতার মধ্যে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়, তাহলে দেশে অনেকাংশে দুর্নীতি, অপরাধপ্রবণতা, এমনকি সন্ত্রাসমূলক কাজ কমে যাবে। তিনি বলেন, ভুল রিপোর্ট দেওয়ার পর বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উল্টো সরকারই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, শাসনতন্ত্র অনুসারে রাজনৈতিক সরকার রাজনৈতিক চিন্তাধারায় কাজ করবে। সেই রাজনৈতিক সরকারের লাইন পরিষ্কারভাবে বলা আছে। বিচার বিভাগ কী করবে, সেটাও পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু যখন দেখা যাবে, রাজনৈতিক সরকার শাসনতান্ত্রিক পন্থায় তা ঠিকমতো করছে না, তখন সুপ্রিম কোর্ট এগিয়ে আসবে, বিচার বিভাগ এগিয়ে আসবে।

মোট ৩০৭টি পদ খালি থাকার তথ্য তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, এখনো ছয়জন জেলা জজের পদ খালি। এটা কি কল্পনা করা যায়? তিনি বলেন, তাৎক্ষণিক পদায়ন করা হলে মামলাজট হতো না।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, কমিশনের সদস্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব পরেশ চন্দ্র শর্ম্মা।