
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান গত নির্বাচনের চেয়ে এবার ১৪ হাজার ৬৩৪ ভোট কম পেয়েছেন। অথচ পাঁচ বছরে সিটি করপোরেশন এলাকায় ভোটার বেড়েছে ২৮ হাজার। নির্বাচনের এই ফল দেখে অনেকেই প্রশ্ন করেছেন, খায়রুজ্জামানের উন্নয়ন কি তাহলে আমলে নেয়নি রাজশাহীবাসী?
নির্বাচনের পরদিন গতকাল রাজশাহীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলাপকালে তাঁরা বলেন, খায়রুজ্জামানের উন্নয়নকে তাঁরা অস্বীকার করছেন না। তবে তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন জাতীয় রাজনীতিকে। এর ফলে ভোটারদের সরকারবিরোধী মনোভাব ডুবিয়েছে খায়রুজ্জামানকে।
নির্বাচনের এই ফলকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না খায়রুজ্জামানের ঘনিষ্ঠজন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খায়রুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট শফিকুর রহমান বলেন, ‘রাজশাহীতে যে উন্নয়নকাজ খায়রুজ্জামান করেছিলেন, তাতে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু রাজশাহীর মানুষ তাঁর মর্যাদা বুঝল না।’ নির্বাচনে কেন হারলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত-শিবির মাঠে ব্যাপক অপপ্রচার চালিয়েছে। তারা হেফাজত ইস্যুকে ব্যবহার করেছে। বস্তি উচ্ছেদের অপপ্রচার চালিয়েছে। অনেক টাকা ঢেলেছে। এসব কারণেই হয়তো এমন পরাজয়।
এ ছাড়া পদ্মা সেতু ও হল-মার্ক কেলেঙ্কারি, হেফাজতের বিরুদ্ধে অভিযান, ছাত্রলীগের বাড়াবাড়ি, আওয়ামী লীগের নেতাদের লুটপাট, দুর্ব্যবহার—এসব কিছুর দায় এসেছে খায়রুজ্জামানের ওপর।
নির্বাচনে খায়রুজ্জামানের ভরাডুবি ও বিএনপির প্রার্থীর জয় সম্পর্কে রাজশাহী বিএনপির সহসভাপতি ও মোসাদ্দেক হোসেনের নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন বলেন, সরকারের গণবিরোধী কর্মকাণ্ড স্থানীয় উন্নয়নকে পণ্ড করে দিয়েছে। আর সে কারণেই ভোটের মধ্য দিয়ে সাধারণ মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। কারণ, এই সরকার লুটপাট, অনিয়ম আর বিরোধী দলকে নিপীড়নে ব্যস্ত ছিল। রাজশাহী সিটি করপোরেশনে এবার মোট ভোটার ছিল দুই লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে ভোট পড়েছে দুই লাখ ১৫ হাজার ৫৭৫। মোসাদ্দেক পেয়েছেন ৬১ শতাংশ। আর খায়রুজ্জামান পেয়েছেন ৩৯ শতাংশ। ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৭টিতেই হেরেছেন খায়রুজ্জামান।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাজশাহী মহানগর বরাবরই বিএনপি-জামায়াতের ঘাঁটি বলে পরিচিত। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে শহরের আসনটি পেয়েছিলেন খায়রুজ্জামানের বাবা কামরুজ্জামান। তবে তিনি সেবার দুটি আসনে নির্বাচিত হন। পরে শহরের আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনেই আওয়ামী লীগের পরাজয় ঘটে। এরপর টানা ২৫ বছর এই আসনে আর জয় পায়নি আওয়ামী লীগ। ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন খায়রুজ্জামান।