সরকারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে আ.লীগ প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা বলেছেন, সরকারবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে।গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ‘বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য’-এর প্রতিবাদে এক সমাবেশে আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।প্রধান অতিথির বক্তৃতায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনার সরকারকে হটানো সহজ নয়। এই সরকার কচুপাতার পানি নয় যে নাড়া দিলেই পড়ে যাবে। জনগণের ভোটে নির্বাচিত হয়েই আমরা সরকার গঠন করেছি।’ মতিয়া আরও বলেন, বর্তমান সরকার কোনো পুলিশ প্রশিক্ষণ দেয়নি। এখন যারা আছে, তারা খালেদা জিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ। হরতালে যদি কোনো পুলিশ বাড়াবাড়ি করে থাকে, তবে তারা খালেদা জিয়ার সরকারের সময়েই প্রশিক্ষণপ্রাপ্ত।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যত বড় নেতাই হোন না কেন, নৈরাজ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আর যথাসময়েই ট্রাইব্যুনাল জামায়াতের তিন নেতাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখাবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হরতাল ডেকে ফারুককে হত্যা করেছেন। তবে আওয়ামী লীগ প্রস্তুত আছে।দলের মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান, আফজাল হোসেন, সুজিৎ রায় নন্দী, শেখ বজলুর রহমান, গাজী লুৎফুল কবীর, হাজী সেলিম, শাহ আলম, আসলামুল হক প্রমুখ।