সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য সাত গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য সাতটি গল্পের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে একটি শিশুতোষ চলচ্চিত্র। তথ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।গল্পগুলো হচ্ছে কাগজের ফুল, কাঁটা, খাঁচা, যৈবতী কন্যার মন (নাটক), রেইনকোট, মুক্তিযুদ্ধের গল্প এবং একাত্তরের ক্ষুদিরাম। জমা পড়া ৮০টি গল্পের মধ্যে বাছাই করে সাতটি গল্প চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। প্রত্যেক নির্মাতা অনুদান পাবেন ৩৫ লাখ টাকা করে। এর বাইরে দেওয়া হবে এফডিসি থেকে যন্ত্রাংশের সহযোগিতা।প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদের গল্প কাগজের ফুলের চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করবেন তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ। বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের নাটক যৈবতী কন্যার মন অবলম্বনে ছবি নির্মাণ করবেন চলচ্চিত্রকার নারগিস আক্তার। এর চিত্রনাট্যও তাঁর।‘রেইনকোট’ আখতারুজ্জামান ইলিয়াসের গল্প। চিত্রনাট্য ও পরিচালনায় জাহিদুর রহিম অঞ্জন।খান সরফুদ্দিন মোহাম্মদ আকরামের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হবে খাঁচা। এটি হাসান আজিজুল হকের গল্প।শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে ছবি নির্মাণ করবেন টোকন ঠাকুর। এর চিত্রনাট্যও তাঁর। আনিসুল হকের ‘মুক্তিযুদ্ধের গল্প’ অবলম্বনে শাহ আলম কিরণের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হবে একাত্তরের মা জননী। মান্নান হীরার গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হবে শিশুতোষ ছবি-‘একাত্তরের ক্ষুদিরাম’। টোকন ঠাকুর প্রথম আলোকে বললেন, ‘জাদুবাস্তবতার এই সময়কে ধারণের জন্য মূলত কাঁটা। ছবিটা নির্মাণ করতে এক কোটি টাকা বাজেট আমার। অনুদান পেলেও বাকি অর্থ জোগাড় করতে হবে। আমি আত্মবিশ্বাসী।’তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ জানালেন, বাছাইয়ে নির্মাতা ও গল্পের গভীরতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। টাকা ছাড় করা হবে তিন ধাপে এবং বিশেষ কারণ ছাড়া ছবি বানানো শেষ করতে হবে নয় মাসের মধ্যে।