আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের দুটি ম্যাচ আয়োজন সামনে রেখে ইতিমধ্যে চট্টগ্রামের অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে স্টেডিয়ামে ঢোকার প্রধান সড়কটি সংস্কারের জন্য এখনো সরকারের কাছ থেকে অনুমোদন বা অর্থ বরাদ্দ কোনোটিই পায়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অথচ গতকাল মঙ্গলবার এই সড়ক সংস্কারকাজের দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ।জানা গেছে, সাগরিকা পোর্ট কানেকটিং থেকে বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় এক বছর আগে সরকারের কাছে আবেদন করে সিডিএ। এর জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে সাত কোটি টাকা। কিন্তু সরকারের কাছ থেকে প্রকল্পের অনুমোদন কিংবা অর্থ বরাদ্দ কোনোটাই পাওয়া যায়নি।প্রকল্পের পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকারি অনুমোদন পেলে যাতে দ্রুত কাজ শুরু করা যায়, সে জন্য আগেভাগেই দরপত্র আহ্বান করা হয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে—বিষয়টি দরপত্রে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিসিবির কর্মকর্তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও সিডিএর চেয়ারম্যান মো. আবদুচ ছালামের সঙ্গে বৈঠকও করেছেন।বিসিবির পরিচালক ও বিশ্বকাপ চট্টগ্রাম ভ্যেনুর চেয়ারম্যান সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘সিডিএ আমাদের নভেম্বরের মধ্যেই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে।’জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন ইতিমধ্যে স্টেডিয়ামের আশপাশের সংযোগ সড়ক সংস্কার, সেতু ও কালভার্ট নির্মাণ এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে। এর জন্য সরকার করপোরেশনকে ৮৭ কোটি টাকাও বরাদ্দ দিয়েছে। তবে স্টেডিয়ামে যাওয়ার প্রধান সড়ক সিডিএর তত্ত্বাবধানে থাকায় এটি সংস্কারের কাজ সিডিএকে করতে হবে।সিডিএর চেয়ারম্যান মো. আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের অনুমোদন পাইনি ঠিক, তবে পরিকল্পনা মন্ত্রণালয়ে ফাইলটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কর্মকর্তাদের সঙ্গে আমার কথাও হয়েছে। তাঁদের সবুজ সংকেতের ভিত্তিতে দরপত্র আহ্বান করেছি। আশা করছি, শিগগিরই তা অনুমোদন পাবে।’