সরকারি অর্থে সাংসদের ভাস্কর্য নির্মাণ প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাংসদ বেগম নাসরিন জাহান রতনা নিজের নামে প্রতিষ্ঠিত কলেজে জেলা পরিষদের রাজস্ব খাতের অর্থে তাঁর ভাস্কর্য নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব করেছেন। এ জন্য তিনি জেলা পরিষদে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন।

তবে সাংসদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমার নয়, সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য করার প্রস্তাব দিয়েছি। মুদ্রণজনিত ভুলে সেখানে (ডিও) আমার নাম ছাপা হয়েছে।’ বেগম নাসরিন জাহান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তিনি দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাংসদ বেগম নাসরিন জাহান গত ২১ নভেম্বর জেলা পরিষদের তৎকালীন প্রশাসকের কাছে জাতীয় সংসদের প্যাডে ডিও পত্র দেন। এতে তিনি ২৪টি প্রকল্পের প্রস্তাব করেন। সে অনুযায়ী ৩৪ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেয় জেলা পরিষদ। এর মধ্যে সাংসদের নামে ‘রতনা আমিন মহিলা কলেজে’ ভাস্কর্য নির্মাণ প্রকল্পও আছে। এর ব্যয় ধরা হয় ২ লাখ টাকা। অনুমোদন পাওয়া ১৪টি প্রকল্পের মধ্যে তিনটিই সাংসদের নামে করা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। এই তিন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা। মূলত তিনটি প্রকল্পের পুরো অর্থ দিয়েই ভাস্কর্য নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করার পরিকল্পনা সাংসদের।

বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় গত বুধবার জেলা পরিষদের সদ্য নিযুক্ত প্রশাসক খান আলতাফ হোসেন এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় কোনো ব্যক্তির ভাস্কর্য নির্মাণ হতে পারে না। এটা বিধিবহির্ভূত ও বেআইনি। জেলা পরিষদের টাকায় এ ধরনের প্রকল্প গ্রহণের ঘটনা এটাই প্রথম। এই অর্থ জনগুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় হওয়ার নিয়ম। কিন্তু নিয়ম ভঙ্গ করে একজন সাংসদের এমন প্রকল্পের প্রস্তাব দেওয়াটা সম্পূর্ণ অনৈতিক ও দুঃখজনক। বিষয়টি জানার পর এ কাজের দেখভালের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জাহিদুর রহমানকে ডেকে ভাস্কর্য নির্মাণের কাজটি বন্ধ করার নির্দেশ দিয়েছি। অন্যথায় ওই কাজের বিলে সই করা হবে না বলে ঠিকাদারদের জানিয়ে দিতে বলা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে রতনা আমিন মহিলা কলেজের একাধিক শিক্ষক বলেন, কলেজ ক্যাম্পাসে ভাস্কর্য নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে বলে তাঁরা শুনেছেন।

যোগাযোগ করা হলে সাংসদ বেগম নাসরিন জাহান রতনা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, গত বছর কলেজের প্রাচীর নির্মাণসহ কিছু সংস্কারকাজের জন্য একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া ছিল।

প্রকল্প প্রস্তাবে আপনার ভাস্কর্য নির্মাণের প্রস্তাব ছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটা ছাপায় ভুল হয়েছিল। ওখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য করার পরিবর্তে ভুলক্রমে আমার ভাস্কর্য নির্মাণের বিষয়টি ছাপা হয়েছে।’