সরকারি অ্যাম্বুলেন্স অচল সাত মাস, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত মাস ধরে পড়ে আছে। জ্বালানি তেল ও মেরামতের অর্থ বরাদ্দ না থাকায় এটিতে রোগী পরিবহন বন্ধ। এতে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় নিতে দ্বিগুণের বেশি অর্থ দিতে হচ্ছে স্বজনদের।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স ছয়-সাত বছর ধরে অচল পড়ে আছে। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এখানে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ করেন। গত বছর নভেম্বর মাস থেকে জ্বালানি তেলের জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহন বন্ধ করে দেয়। এতে রোগীদের প্রচুর অর্থ খরচ করে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সে বরিশাল ও ঢাকায় যেতে হচ্ছে। সরকারি মূল্যতালিকা অনুযায়ী, অ্যাম্বুলেন্সগুলো প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে ভাড়া আদায় করার কথা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মতিন বলেন, দীর্ঘদিন অচল থাকা অ্যাম্বুলেন্স দুটি মেরামতের অযোগ্য হওয়ায় প্রধানমন্ত্রী পরে আরেকটির জন্য বরাদ্দ দেন। কিন্তু এখন এটিও পড়ে আছে।
আমতলী শহরে নয়টি ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স আছে। রোগীর স্বজনদের অভিযোগ, ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সগুলো যাত্রী পরিবহনে সরকারি মূল্যতালিকা মানে না। খেয়াল-খুশিমতো তারা রোগী পরিবহনে দ্বিগুণেরও বেশি অর্থ আদায় করে।
ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্সের কয়েকজন মালিক সূত্রে জানা যায়, প্রতি কিলোমিটার ১০ টাকা হারে আমতলী থেকে বরিশালে ভাড়া ১ হাজার ৪০০ টাকা। অথচ তাঁরা নিচ্ছেন ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা পর্যন্ত। একইভাবে আমতলী থেকে পটুয়াখালীর ভাড়া ৬০০ টাকা। আদায় করা হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
এক রোগীর স্বজন রিপন মৃধা জানান, সরকারি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন চলাচল না করায় ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। ব্যক্তিগত অ্যাম্বুলেন্সের মালিক বিধান চন্দ্র বিশ্বাস বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবসা যারা করেন তাঁরা সবাই মিলে একটি মূল্যতালিকা তৈরি করেছেন। সে অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন রুস্তম আলী বলেন, ‘অ্যাম্বুলেন্সটির জ্বালানি বাবদ খরচের ২ লাখ টাকা বকেয়া পড়েছে। তাই এটি আমরা বাধ্য হয়ে বন্ধ রেখেছি। বকেয়া অর্থ ও নতুন করে বরাদ্দ পেতে আমি বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো ফল পাইনি।’