সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রমে অগ্রগতি হয়েছে। আগের দুই বছরের তুলনায় গত বছর আইনগত সহায়তা পাওয়া ব্যক্তির সংখ্যা বেড়েছে। আগে অর্থ অব্যয়িত থাকলেও গত বছর খরচ হয়েছে শতভাগ।সরকারি এ আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে ও জনসচেতনতা বাড়াতে বিজ্ঞাপন প্রচার, ওয়েবসাইট ও হটলাইন সেবার ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। দরিদ্র ব্যক্তিদের জন্য বিনা মূল্যের আইনি সহায়তা সর্বত্র পৌঁছে দিতে স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে এখন কমিটি গঠনের কাজ চলছে।জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, গত বছর আইনি সহায়তার জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া এক কোটি টাকার মধ্যে শতভাগ অর্থই ব্যয় হয়েছে।সংস্থা সূত্র জানায়, এর আগে প্রতিবছর এক কোটি টাকা বরাদ্দের মধ্যে ২০০৯ সালে ৬৭ লাখ ৯২ হাজার ৬৮৯ টাকা এবং ২০১০ সালে ৭৩ লাখ ৯৩ হাজার ৫৯৬ টাকা ব্যয় হয়। এর মধ্যে সুপ্রিম কোর্টে সরকারি আইনি সহায়তা কার্যক্রমে ২০০৯ সালে দুই লাখ টাকা ও ২০১০ সালে তিন লাখ টাকা ব্যয় হয়। গত বছর সুপ্রিম কোর্টে আইনি সহায়তা কার্যক্রমে ছয় লাখ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে।জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে পাওয়া তথ্য অনুসারে, গত বছর সংস্থা থেকে নারী, পুরুষ, শিশুসহ মোট ১২ হাজার ৫৬৮ জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। ২০১০ সালে আইনগত সহায়তা পাওয়া মোট ব্যক্তির সংখ্যা ছিল ১১ হাজার ২৬৬। ২০০৯ সালে ছিল নয় হাজার ১৬০। সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম বলেন, সরকার জ্যেষ্ঠ সহকারী জজ/সহকারী জজ পদমর্যাদার একজন কর্মকর্তাকে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন করেছে। শিগগিরই প্রথম পর্যায়ে ১২টি জেলায় ১২ জন জ্যেষ্ঠ সহকারী জজকে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে পদায়ন করা হবে। তাঁরা আইনগত সহায়তা দেওয়ার পাশাপাশি আইনগত পরামর্শ দেবেন এবং বিকল্প বিরোধ মীমাংসার (এডিআর) মাধ্যমে মামলা নিষ্পত্তি করবেন।সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আইনি সহায়তা দিতে ৬৪ জেলায় ‘জেলা আইনগত সহায়তা কমিটি’ রয়েছে। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন আইনগত সহায়তা কমিটি রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত ২৬৪টি উপজেলা এবং এক হাজার ৭৪৯টি ইউনিয়নে আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে। মামলা নিষ্পত্তির চিত্র: সংস্থা থেকে পাওয়া তথ্য অনুসারে, ২০১১ সালে দেওয়ানি, ফৌজদারি, জেল আপিলসহ মোট পাঁচ হাজার ৩৭৬টি মামলা সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়। ২০০৯ ও ২০১০ সালে এ প্রক্রিয়ায় নিষ্পত্তি হয় যথাক্রমে তিন হাজার ৫৭১ ও পাঁচ হাজার ৬২৭টি মামলা। আইনগত সহায়তার প্রেক্ষাপট: আর্থিক অসচ্ছলতা ও নানা কারণে বিচার পেতে অসমর্থ নাগরিককে সরকারি খরচে আইনগত সহায়তা দিতে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে সরকার। এর আওতায় ২০০১ সালে আইনগত সহায়তা প্রদান নীতিমালা ও প্রবিধানমালাও করা হয়। তবে নানা কারণে প্রথম দিকে তা গতি পায়নি। বর্তমান সরকারের আমলে সংবিধিবদ্ধ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আলাদা কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।আবেদন করার নিয়ম: সরকারি খরচে আইনগত সহায়তা পেতে জেলা কমিটির কাছে আবেদন করতে হয়। জেলা জজ আদালতে অবস্থিত ‘লিগ্যাল এইড অফিস’, জেলখানা বা কারাগার কর্মকর্তাদের কাছে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয়ে, জেলা আদালতসমূহের বেঞ্চ সহকারীর (পেশকার) কাছে, জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা কার্যালয়, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আবেদনপত্র পাওয়া যায়। এ ছাড়া সংস্থার তিনটি হটলাইন নম্বরে (০১৭৬১২২২২২২-৪) ফোন করে বিস্তারিত তথ্য জানা যাবে।