সরকারি আইনি সহায়তার বিষয়টি আদিবাসীরা জানেন না
বান্দরবানে বিচারপ্রার্থী সব আদিবাসী ও যেসব বাঙালির বার্ষিক আয় এক লাখ টাকার নিচে, তাদের মামলাসংক্রান্ত ব্যয় সরকার বহন করছে। কিন্তু আইনি সহায়তার এ উদ্যোগ সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। এ কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান।
সামাজিকভাবে মীমাংসাযোগ্য বিষয়গুলো আদালতে না নিয়ে আসার আহ্বান জানিয়ে মো. শফিকুর রহমান বলেন, মামলার চেয়ে বিচারক ও আদালতের সংখ্যা কম। এ জন্য সামাজিক নিষ্পত্তি বাড়িয়ে মামলার চাপ কমানো দরকার। তিনি বলেন, আইনগত সহায়তার জন্য উপজেলা ও ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি রয়েছে। সেখানে আবেদন করলে মামলার ব্যয় সরকারিভাবে বহন করা হবে।
গতকাল শনিবার বান্দরবান জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আদিবাসীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এতে হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারী (পাড়াপ্রধান), ইউপি চেয়ারম্যান, সদস্য, আইনজীবী, সাংবাদিক ও মাঠপর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ হেডম্যান, কার্বারী, ইউপি চেয়ারম্যান ও সদস্য আইনগত সহায়তা প্রদানের বিষয়টি অবহিত নন বলে জানিয়েছেন।
আদিবাসী ও দরিদ্র বাঙালিদের সরকারি আইনগত সহায়তার বিষয়টি অবহিত করতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস।
জজ আদালতের আইনগত সহায়তা প্রকল্পের সমন্বয়কারী বশির আহম্মদ জানিয়েছেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জাস্টিস সেক্টর ফ্যাসিলিটিজের (জেএসএফ) আর্থিক সহযোগিতায় গত বছর থেকে আদিবাসীদের আইনগত সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ প্রকল্প শুরু হয়েছে। শুধু বান্দরবান পার্বত্য জেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্পের কাজ চলছে। এর সুফল পাওয়া গেলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও প্রকল্পটি সম্প্রসারণ করা হবে।