সরকারি আইনি সেবা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আইনি সহায়তা পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার। তাই এ সেবার বিষয়ে অসচ্ছল মানুষ ও ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার ‘সরকারি আইনি সেবার মানোন্নয়নে মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদারত্ব: সাফল্য, সম্ভাবনা ও অভিজ্ঞতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশিষ্টজনেরা এ মত দেন। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সরকারি আইনি সেবা খাতে প্রতিবছর বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ অব্যবহৃত থেকে ফেরত যায় উল্লেখ করে আলোচনায় বক্তারা বলেন, এ আইনি সহায়তা সেবা সম্পর্কে জনগণকে যদি সচেতন করা যেত, কৌঁসুলি, আইন পরামর্শক ও বিবাদ নিষ্পত্তির মধ্যস্থতাকারী নিয়োগ করা হতো; তবে এ তহবিলের উপযুক্ত ব্যবহার হতো।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, আসন্ন ইউপি নির্বাচনের পর তাঁরা এ পরিষদের নির্বাচিত সব চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে বৈঠকের আয়োজন করবেন; যাতে এ সেবার ব্যাপারে তাঁদের সচেতন করা যায়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, জ্যেষ্ঠ বিচারিক হাকিম জসিম উদ্দীন, এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম, যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা প্রমুখ আলোচনায় অংশ নেন।