সরকারি আচরণবিধি লঙ্ঘন করায় তিন কর্মকর্তার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতি না পেয়ে আচরণবিধিমালা লঙ্ঘন করায় তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। কর্মকর্তা তিনজন হলেন মেহেরপুর জেলা পরিষদের সচিব নিয়ামতউল্লাহ ভূঁইয়া, স্থানীয় সরকার বিভাগের ন্যস্তকৃত উপসচিব জামাল আবদুল নাসির চৌধুরী ও গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহীম খলিল। জানা গেছে, শাস্তি হিসেবে এই তিন কর্মকর্তাকে দুটি বার্ষিক উত্সাহ ভাতা দেওয়া হবে না। এ ছাড়া দুই বছর পদোন্নতি হবে না। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রসঙ্গত, পদোন্নতি না পেয়ে গত ৯ আগস্ট সংস্থাপন মন্ত্রণালয়ের পাঠাগারে এই কর্মকর্তারা বৈঠক করেন। এ সময়ে তাঁরা সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে অশোভন মন্তব্য করেন বলেও অভিযোগ রয়েছে। সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে এ ব্যাপারে বলেন, ‘তাঁরা পদোন্নতি বঞ্চিত ছিলেন কথাটি ঠিক নয়, তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি। এটাও ঠিক সে সময় তাঁরা সরকারি আচরণ বিধিমালা ভঙ্গ করেছেন।’ গত বছর উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে ৪৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। সেবার যোগ্য অনেকে পদোন্নতি পাননি বলে অভিযোগ আছে। অতিক্রান্ত (সুপারসিড) হয়েছেন ৫৬৯ জন কর্মকর্তা।সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা ১৯৭৯ অনুযায়ী সরকারি সিদ্ধান্তের সমালোচনা শাস্তিযোগ্য অপরাধ।