সরকারি উদ্যোগ নেই, বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদের ভাঙনে দুই বছরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের পশ্চিম ভাটিপাড়া ও পূর্ব ভাটিপাড়া গ্রামের ৪০টি পরিবার বসতবাড়ি এবং ফসলি জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভাঙন রোধে সরকার কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে গ্রামবাসী নিজেদের অর্থ ও শ্রমে একটি বাঁধ নির্মাণ করছেন। গ্রামবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০০ ফুট দীর্ঘ ওই বাঁধ নির্মাণ করতে এক হাজার বস্তা বালি লাগতে পারে। কোনো সরকারি সাহায্য না পাওয়ায় ওই দুই গ্রামের মানুষ এক মাস আগে নিজেদের টাকায় বাঁধ নির্মাণের পরিকল্পনা নেন। ২০১১ ও ১২ সালে ব্রহ্মপুত্রের ভাঙনে ওই দুটি গ্রামের ৪০টি বাড়ি ও এক হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, চলাচলের রাস্তা ও কালভার্ট।গ্রামবাসী আরও জানান, অনেকেই সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছেন। কিন্তু এখনো বাঁধ নির্মাণের খরচের অর্ধেকও হয়নি। নদের ভাঙনে বসতভিটা ও প্রায় এক হাজার একর ফসলের জমি হারিয়ে অনেকেই এখন সর্বস্বান্ত। এর পরও তাঁদের অনেকেই গরু-ছাগল বিক্রি করে বাঁধ নির্মাণের জন্য টাকা দিয়েছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আজিজ জানান, ওই দুই গ্রামের মানুষ মিলে বাঁধ নির্মাণের জন্য এ পর্যন্ত মোট ৭৮ হাজার টাকা তুলেছেন। এই টাকায় মাত্র ৩৫০টি বালির বস্তা ফেলানো সম্ভব হয়েছে। এখনো অনেক টাকার প্রয়োজন। পশ্চিম ভাটিপাড়া গ্রামের রাজব আলী ও আহমদ আলী জানান, গত দুই বছর যেভাবে নদটি ভেঙেছে, তাতে তাঁরা আতঙ্কে আছেন। এ বছর বর্ষা মৌসুমে যদি ভাঙন শুরু হয়, তাহলে আরও ২০০ পরিবার ঘরছাড়া হবে। গত বছরের ভাঙনে সর্বস্ব হারানো উমেদ আলী বলেন, ‘গেলাবারের (গত বছরের) ভাঙনে আমার ১০ একর জমির সবটাই নদীর পেডে গেছে। মাইনষের বাড়িত কাম কইর‌্যা খাই। এর পরও বাঁধ বানানোর জন্য সুদী (মহাজনের কাছ থেকে সুদে ঋণ) আইন্যা এক হাজার টাকা দিছি।’পূর্ব ভাটিপাড়া গ্রামের তাহির উদ্দিন বলেন, ‘আমার দেওনের মতো কিছুই অহন নাই। এর পরেও সবার লগে শামিল (অংশগ্রহণ) থাহার জন্য ছাগল বেইচা টেহা দিছি।’স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার জানান, ভাঙন শুরুর পর অনেকবার সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। এর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমদ খান পাঠান বলেন, বাঁধ নির্মাণ করার জন্য পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) সুপারিশ করেছি। পাউবোর উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ভাঙন রোধের জন্য বাঁধ নির্মাণের প্রকল্প তৈরি করে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। কিন্তু মন্ত্রণালয় এখনো কোনো বরাদ্দ অনুমোদন করেনি। এ কারণে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।’