সরকারি উদ্যোগে প্রবাসীদের লাশ আনার দাবি
বিদেশে মারা যাওয়া প্রবাসীদের লাশ সরকারি উদ্যোগে দেশে আনার দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা বলছেন, বিদেশে ভাগ্য বদলাতে গিয়ে অনেকেই মারা যান। কিন্তু সেই প্রবাসীদের লাশ দেশে আনার টাকাও অনেক সময় থাকে না স্বজনদের। তাই প্রবাসীরা চাঁদা তুলে তাঁদের লাশ পাঠান। এ সমস্যার সমাধানে সরকারিভাবে লাশ আনতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জনশক্তি রপ্তানি, প্রবাসী-আয় ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনারে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ) এ দাবি জানায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, ‘প্রতিদিনই আট থেকে দশজন প্রবাসীর লাশ আসে। আমরা সংসদীয় কমিটি এই প্রবাসীদের মৃত্যুর কারণ সংরক্ষণ করতে বলেছি। অধিকাংশ সময়েই হৃদ্রোগে মারা যান প্রবাসীরা। তাঁরা যেখানে কাজ করেন, সেখানে সব সময় দুশ্চিন্তা, দেশে থাকা স্বজনদের ভাবনা—এসব কারণেই এমন মৃত্যু।’
ইসরাফিল আলম বলেন, ‘প্রতিবছর প্রবাসীরা ১৬ বিলিয়ন ডলার পাঠান। বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ আসে প্রবাসী–আয় থেকে। কিন্তু অর্থমন্ত্রীকে আপনারা জিজ্ঞাসা করুন যে প্রবাসীরা এই টাকা পাঠাচ্ছেন, তাঁদের জন্য কী করা হচ্ছে? প্রবাসীদের জন্য সরকারের বরাদ্দ কতটুকু।’ তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও এই সরকার নানা উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, দক্ষ লোক কম পাঠাতে পারলেও বেশি আয় আসবে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এত ছেলেমেয়ে বের হচ্ছে, তারা কী সবাই চাকরি পাচ্ছে? শিক্ষিত বেকার তৈরি না করে দক্ষ মানবসম্পদ গড়তে হবে। তাই কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি গড়ছেন। সরকার, ব্যবসায়ী, নাগরিক সমাজ—সবাই একসঙ্গে কাজ করলে এই খাতকে আরও এগিয়ে নেওয়া যাবে।
ইপিবিএর সাধারণ সম্পাদক ওসমান হোসেইন প্রথম আলোর প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, প্রবাসী–আয়ের পেছনে অনেক করুণ কাহিনি আছে। অনেকে ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। গত এক দশকেই ২৫ হাজার ২২৯ জনের লাশ এসেছে। তিনি বলেন, ‘বিদেশ থেকে লাশ পাঠাতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ইউরোপে এই চিত্র বেশি। সমস্যা সমাধানে সরকারি উদ্যোগে লাশ আনার প্রস্তাব করছি।’
মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বলেন, সরকার মাত্র পাঁচ হাজার টাকা বিঘায় ধানমন্ডিতে জমি দিয়েছিল মানুষদের। খোঁজ নিন, তাদের পরিবারের কেউ দেশে নেই। কয়েক শ কোটি টাকায় ওই জমি বেঁচে বিদেশে চলে গেছে। দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করেছে। কিন্তু প্রবাসী শ্রমিকেরা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন। কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে সর্বত্র তাঁরা হয়রানির শিকার। এগুলো বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ইপিবিএর কোষাধ্যক্ষ শরিফুদ্দিন আহম্মেদ প্রমুখ।