সরকারি কাজের মন্থর গতিতে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এলএপিডি) ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। খবর বাসস ও ইউএনবির।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতি ও সরকারের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে না। আমরা যে গতিতে উন্নয়ন চাই, সেই গতিতে উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের গতি খুবই মন্থর। কিন্তু কেন?’ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বর্তমান দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) বদলে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফিরে যেতে চাইছে।’প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমান উন্নয়ন অগ্রাধিকার ও প্রয়োজনীয়তার সঙ্গে সংগতি রেখে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখে সিভিল সার্ভিস অ্যাক্ট করতে যাচ্ছে। তিনি আক্ষেপের সুরে বলেন, সরকার একনেকের সভা নিয়মিত করছে। এসব সভায় অনেক উন্নয়ন প্রকল্প চূড়ান্ত হচ্ছে। কিন্তু এসব কাঙ্ক্ষিত পর্যায়ে প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে না। এতে মনে হচ্ছে, উন্নয়ন প্রকল্প তৈরি ও বাস্তবায়নে অনেক দুর্বলতা আছে।সরকারি হিসাবে দেখা যায়, ৩০ হাজার ৫০০ টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্পের মধ্যে ২০০৯-১০ অর্থবছরে ৩৫ শতাংশ বাস্তবায়ন সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, সব সরকারি কর্মকর্তাকে অবশ্যই জনগণের কাছে দায়বদ্ধতার কথা মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। দেশপ্রেম ও বৃহত্তর জাতীয় স্বার্থে আরও জনমুখী হতে হবে।প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার যেসব প্রকল্প গ্রহণ করেছিল, তার অধিকাংশই তারা বন্ধ করে দিয়েছিল। এতে দেশের অর্থনীতি ও উন্নয়নে অনেক ক্ষতি হয়।পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার, এনএপিডির মহাপরিচালক এম এ কামাল।মার্কিন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের সাক্ষাত্: গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত দুই রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শেফার এবং তেরেশিতা শেফার সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশ থেকে দারিদ্র্য হটাতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নয়ন সহযোগীর সহায়তা কামনা করেন। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, আর্থ-সামাজিক লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শত্রু হলো দারিদ্র্য।বৈঠককালে তাঁরা এ অঞ্চলে জঙ্গিবাদের উত্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।