সরকারি এলপি গ্যাস কালোবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন পদ্মা অয়েল কোম্পানির বগুড়া ডিপো থেকে অস্বাভাবিক পরিমাণে এলপি (লিকুইডিফাইড পেট্রোলিয়াম) গ্যাস সিলিন্ডার তুলে তা কালোবাজারে বিক্রি করে দিয়েছে ‘রিন্তা এন্টারপ্রাইজ’ নামের একটি ভুয়া পরিবেশক প্রতিষ্ঠান৷
সরকারের প্রভাবশালী একটি মহলের চাপে নামসর্বস্ব ওই প্রতিষ্ঠানটিকে পদ্মা অয়েল কোম্পািন থেকে দিনাজপুর জেলায় বিক্রির জন্য প্রতি মাসে এক হাজার করে গ্যাস সিলিন্ডার বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এরই মধ্যে প্রতিষ্ঠানটি মে মাসের প্রথম কিস্তির বরাদ্দ তুলে তা দিনাজপুরের ভোক্তাদের কাছে বিক্রি না করে বগুড়ায় কালোবাজারে বিক্রি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে৷ ঘটনাটি ফাঁস হওয়ার পর ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতিরি পক্ষ থেকে গত ১৫ মে বিপিসির চেয়ারম্যান, জ্বালািন ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে৷ চিঠিতে অভিযোগ করা হয়, নামসর্বস্ব ওই প্রতিষ্ঠানটিকে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি থেকেও মাসে আরও দুই হাজার করে গ্যাস সিলিন্ডার বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির আহ্বায়ক আহসানুর রশিদ জানান, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বিপিসি ভোক্তাদের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেয়৷ তিনি অভিযোগ করেন, ভোক্তাদের চাহিদা থাকলেও প্রতিটি কোম্পানি থেকে একজন পরিবেশক মাসে গড়ে ১০০ সিলিন্ডার গ্যাসও বরাদ্দ পায় না৷ অথচ ঢাকায় বসবাসরত একজন ব্যক্তি কাগজে-কলমে দিনাজপুর শহরের সরদারপাড়া এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান দেখিয়ে রাতারাতি বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার বরাদ্দ (প্রতি মাসে এক হাজার) নেন৷ এক সপ্তাহ আগে পদ্মা অয়েল কোম্পানির বগুড়া ডিপো থেকে বরাদ্দের প্রথম কিস্তির ৩২০টি সিলিন্ডার তোলার পর তা দিনাজপুরে না নিয়ে বগুড়াতেই কালোবাজারে বিক্রি করে দেয়৷ এ ব্যাপারে বিপিসি কোনো ব্যবস্থা না নিলে পরিবেশকেরা আন্দোলনে নামবেন বলে জানান তিনি৷
জানতে চাইলে পদ্মা অয়েল কোম্পানির বগুড়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শহিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উত্তারাঞ্চলের কোনো পরিবেশকই মাসে এক শর বেিশ সিলিন্ডার বরাদ্দ পায় না৷ রিন্তা এন্টারপ্রাইজের এক হাজার করে সিলিন্ডার বরাদ্দ পাওয়ার বিষয়টি জেনে বিস্মিত ও হতবাক হয়েছি৷ এত বেিশ সিলিন্ডার বরাদ্দ পাওয়ার ঘটনা নজিরবিহীন৷’ শহিদ উদ্দিন বলেন, এরই মধ্যে প্রতিষ্ঠানটিকে মে মাসের প্রথম কিস্তির ৩২০ সিলিন্ডার সরবরাহ করা হয়েছে৷ কিন্তু প্রতিষ্ঠানটি বরাদ্দের ওই সিলিন্ডার দিনাজপুরে না নিয়ে বগুড়াতেই কালোবাজারে বিক্রি করেছে বলে তাঁরা অভিযোগ পেয়েছেন৷ এরই মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসককে ফ্যাক্স করে প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং মজুত পরিস্থিতি জানানোর জন্য অনুরোধ করা হয়েছে৷ কোম্পানির পক্ষ থেকেও কালোবাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি দ্বিতীয় কিস্তির সরবরাহ আদেশ আটকে দেওয়া হয়েছে৷
নাম প্রকাশ না করার শর্তে পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মকর্তা বলেন, ওই প্রতিষ্ঠানটিকে মাসে এক হাজার করে সিলিন্ডার সরবরাহ করতে সরকারের একাধিক মন্ত্রী এবং সাংসদ তদবির ও সুপারিশ করেছেন৷ তাঁদের চাপেই কোম্পানি থেকে ওই প্রতিষ্ঠানকে মাসে এক হাজার সিলিন্ডার গ্যাস বরাদ্দ দেওয়া হয়েছে৷
রিন্তা এন্টারপ্রাইজের মালিক মুজিবুল হক স্বীকার করেন, তিনি ঢাকায় বসবাস করেন৷ তিনি দিনাজপুর জেলার বাসিন্দাও নন৷ তবে দিনাজপুরে তাঁর গ্যাস-চুলার ব্যবসা রয়েছে৷ তিনি দাবি করেন, তাঁর লাইসেন্স পুুরোনো৷ তবে এত দিন তিনি গ্যাস সিলিন্ডার বরাদ্দ পাননি৷ তিনি বলেন, ‘সুপারিশে নয়; যোগ্যতা বলেই এই বরাদ্দ পেয়েছি৷ প্রথম কিস্তিতে বরাদ্দ পাওয়া ৩২০টি সিলিন্ডার ভোক্তাপর্যায়ে বিক্রি না করে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছি৷’
পদ্মা অয়েল কোম্পানির বগুড়ার কার্যালয় থেকে জানা গেছে, এলপি গ্যাসের অনুমোদনের শর্তে উল্লেখ রয়েছে, বরাদ্দ পাওয়ার পর পরিবেশক প্রতিষ্ঠানকে অনুমোদিত মজুতাগারে রেখেই নির্ধারিত দামে ভোক্তাপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হবে৷
দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী বলেন, জেলায় রিন্তা এন্টারপ্রাইজ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই৷ তিনি বলেন, দিনাজপুর জেলার নামে গ্যাস সিলিন্ডার বরাদ্দ নিয়ে অন্য এলাকায় কেউ তা বিক্রি করলে তা বেআইনি৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷