সরকারি ও অন্যের জমি দখল করে দোকানঘর
ভোলার সদর উপজেলায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং এক ব্যক্তির জমি দখল করে ১৩টি দোকানঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। কয়েক মাস আগে এগুলো তিনি প্রভাব খাটিয়ে নির্মাণ করেন বলে অভিযোগ রয়েছে। জমির মালিক দাবিদার মফিজুল ইসলাম অভিযোগ করেন, তিনি গত আগস্টে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা মৌজার ১৬৪ নম্বর খতিয়ানের ৫৯ ও ৬০ নম্বর দাগের ২২ শতাংশ জমি কেনেন। পরে জমির দখল নিতে গেলে আলমগীর তাঁদের বাধা দেন। আলমগীর আগেই তাঁর জমিতে কয়েকটি দোকান নির্মাণ করেন। এ নিয়ে তিনি তাঁকে (আলমগীর) একাধিকবার জমির কাগজপত্র নিয়ে সালিসে বসতে বললেও তিনি রাজি হননি। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, আলমগীর হোসেন সৈয়দ লাহড়িরপুল বাজার এলাকায় ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর মহাসড়কের দুই পাশে ১২ হাত জায়গা দখল করে সেখানে দোকান তুলেছেন। এ সড়কের ডান পাশেই মফিজুল ইসলামের জমি। ওই জমিসহ সড়কের জমিতে আটটি পাকা ও পাঁচটি আধা পাকা দোকানঘর নির্মাণ করেছেন আলমগীর। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আলমগীর হোসেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের (ইপি) চেয়ারম্যান বসির আহমেদের বেয়াই। ওই নেতার প্রভাব খাটিয়ে তিনি সওজ ও অপর একজনের জমি দখল করে বিপণিবিতান নির্মাণ করেছেন। অবশ্য আলমগীর হোসেন দাবি করেন, ‘এ বাজারের আশপাশে আমার বাবা দেড় একর জমির মালিক। সওজ আমাদের জমির ওপর সড়ক নির্মাণ করেছে। এ জন্য আমরা ভোগদখল করে আসছি। এখানে কারও জমি নেই।’ জমির কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাকে কেন কাগজপত্র দেখাব।’ আত্মীয়তার সম্পর্কের কথা নিশ্চিত করে বসির আহমেদ দাবি করেন, ওই বাজারে সব জমি আলমগীর হোসেনের, সেখানে অন্য কারও জমি নেই।সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, অনেক স্থানেই সড়কের পাশের জমি দখল করে অনেক প্রভাবশালী দোকান নির্মাণ করেছেন। তিনি শিগগিরই ওই সব স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন।