সরকারি ও বিরোধী দলের কর্মসূচিকে সমগুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) সরকারি ও বিরোধী দলের কর্মসূচি এবং অন্যান্য অনুষ্ঠান সমান গুরুত্বের সঙ্গে প্রচার করার পরামর্শ দিয়েছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বিটিভিতে বিরোধীদলীয় নেতা বা তাঁর দলের সংবাদ প্রচারের ক্ষেত্রে কোনো বৈষম্য বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা বা বাধা দেওয়া হয় না।বৈঠকে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্যে জনগণের তথ্য জানা ও পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। জনসাধারণের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঠিক ও সন্তোষ-জনকভাবে তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়। জনগণের কাছে তথ্য অধিকার আইন ২০০৯ পরিচিত করে তোলার জন্য বিভিন্ন গণমাধ্যমে আইনটি সম্পর্কে প্রচারের পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে অবহিতকরণ কর্মসূচি নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, সুকুমার রঞ্জন ঘোষ, আনিছুল ইসলাম মণ্ডল ও মো. শাহরিয়ার আলম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে তথ্য কমিশনার সাদেকা হালিম ও আবু তাহের বৈঠকে যোগদান করেন।